Mother Language Day: 'ভাষার উপর আক্রমণ হলে রুখে দাঁড়াব', মাতৃভাষা দিবসে অঙ্গীকার মমতার - Bengali News | West Bengal Chief Minister Mamata Banerjee wishes on International Mother Language Day - 24 Ghanta Bangla News
Home

Mother Language Day: ‘ভাষার উপর আক্রমণ হলে রুখে দাঁড়াব’, মাতৃভাষা দিবসে অঙ্গীকার মমতার – Bengali News | West Bengal Chief Minister Mamata Banerjee wishes on International Mother Language Day

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়Image Credit: Social Media

কলকাতা: আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেচ্ছাবার্তায় শুধু বাংলা নয়, সব ভাষার প্রতিই শ্রদ্ধা জানিয়েছেন তিনি। একইসঙ্গে তাঁর অঙ্গীকার, যে কোনও ভাষার উপর আক্রমণ হলে, রুখে দাঁড়াবেন। এর আগে ভিন রাজ্যে বাংলা ভাষা, বাঙালিদের উপর আক্রমণের অভিযোগে বারবার সরব হয়েছে তৃণমূল। সেই আবহে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ‘সব ভাষা’-কে সম্মান প্রদানের বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এক্স হ্যান্ডেলে পোস্ট করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন,”আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এই পুণ্যদিনে সম্মান জানাই বিশ্বের সকল ভাষা ও ভাষাভাষী মানুষকে। বিশ্বের সকল দেশের সকল ভাষা-শহিদদের ও ভাষা-সংগ্রামীদের জানাই আমার প্রণাম ও অন্তরের শ্রদ্ধা।” এরপরই তাঁর পোস্টে উঠে আসে, বাংলায় হিন্দি, সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, উর্দু, তেলুগু-সহ একাধিক ভাষাকে রাজ্য সরকার স্বীকৃতি দিয়েছে।

রাজ্যের প্রত্যেক ভাষা-ভাষীর মানুষ মাতৃভাষায় পড়ার সুযোগ পাচ্ছেন বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, “রবীন্দ্রনাথ-নজরুল-সুকান্ত-জীবনানন্দের বাংলা শুধু নয়, আমরা সব ভাষাকেই সম্মান করি। এটা আমার গর্ব যে, আমাদের সময়ে হিন্দি, সাঁওতালি, কুরুখ, কুড়মালি, নেপালি, উর্দু, রাজবংশী, কামতাপুরী, পাঞ্জাবি, তেলুগু ভাষাকে আমরা সরকারি ভাষা হিসাবে স্বীকৃতি দিয়েছি। সাদরি ভাষার মানোন্নয়নেও আমরা সচেষ্ট হয়েছি। হিন্দি আকাদেমি,রাজবংশী ভাষা আকাদেমি,কামতাপুরী ভাষা আকাদেমি,সাঁওতালি আকাদেমি – সব করা হয়েছে। এটাও সুনিশ্চিত করেছি যে,রাজ্যের প্রত্যেক ভাষা-ভাষী মানুষ তাদের মাতৃভাষায় পড়াশোনা করার সুযোগ পায়।”

এরপরই মুখ্যমন্ত্রীর শপথ, যে কোনও ভাষার উপর আক্রমণ হলে তিনি রুখে দাঁড়াবেন, প্রতিবাদ করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, “একুশের এই পুণ্য দিনে আরও একবার অঙ্গীকার করছি, যে কোনও ভাষার ওপর যদি আক্রমণ আসে – আমরা সবাই মিলে তার বিরুদ্ধে রুখে দাঁড়াব। সকল ভাষা সমান ভাবে সম্মাননীয়।”

প্রসঙ্গত, ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের হেনস্থার অভিযোগ তুলে সরব হয়েছে তৃণমূল । বাংলা বলার কারণে বহু শ্রমিককে প্রাণ হারাতে হয়েছে বলে অভিযোগ তুলেছে বাংলার শাসকদল । ভোটের মুখে এই বাংলা-বাঙালি আবেগেকে হাতিয়ার করে ময়দানে নেমেছে তৃণমূল । বিভিন্ন সভা থেকে বারবার বাঙালি অস্মিতাকে শান দিতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কেও । শুধু তাই নয় বাংলার মনীষীদের অপমানের অভিযোগেও সরব হয়েছে তৃণমূল । সেই পরিস্থিতে বাংলা-সহ সব ভাষাকে রক্ষা করার অঙ্গীকার বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *