CAA: ভোটের আগেই বড় সিদ্ধান্ত, নাগরিকত্ব দিতে বাংলায় তৈরি হল 'এমপাওয়ার্ড কমিটি' - Bengali News | New empowered committee to be made for CAA in West Bengal to give citizenship - 24 Ghanta Bangla News
Home

CAA: ভোটের আগেই বড় সিদ্ধান্ত, নাগরিকত্ব দিতে বাংলায় তৈরি হল ‘এমপাওয়ার্ড কমিটি’ – Bengali News | New empowered committee to be made for CAA in West Bengal to give citizenship

নয়া দিল্লি: পশ্চিমবঙ্গে সিএএ (CAA) মারফত নাগরিকত্ব প্রদান দ্রুত কার্যকর করার জন্য এবার গ্যাজেট নোটিফিকেশন করে ‘এমপাওয়ার্ড কমিটি’ (Empowered committee) গঠন করল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। নাগরিকত্ব সংশোধনী আইন অনুযায়ী কীভাবে নাগরিকত্ব দেওয়া হবে, সেই সংক্রান্ত নিয়ম-নীতি ২০২৪ সালের মার্চ মাসেই ঘোষণা করেছে কেন্দ্র। তবে তা বাস্তবায়নের জন্য রাজ্যভিত্তিক কমিটি গঠন করা হয়নি। এবার পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের আগে তড়িঘড়ি সেই সিদ্ধান্ত নিল স্বরাষ্ট্র মন্ত্রক।

সিএএ-তে প্রস্তাবিত নাগরিকত্ব এখনও মেলেনি বহু মানুষের। এই নিয়ে এসআইআর আবহে বিতর্ক তৈরি হয়। সিএএ-তে নাগরিকত্ব না মেলায় অনেকের নাম এসআইআর-এ বাদ যেতে পারে বলেও অভিযোগ উঠেছে। তাঁদের মধ্যে রয়েছেন মতুয়া সম্প্রদায়ের বহু মানুষ। এই নিয়ে চরমে রাজনৈতিক অসন্তোষও তৈরি হয়েছে।

ঘোষণা অনুযায়ী, পশ্চিমবঙ্গের এই ‘এমপাওয়ার্ড কমিটি’ (Empowered committee)-র নেতৃত্বে থাকবেন পশ্চিমবঙ্গের জনগণনা বাস্তবায়নের (census operations West Bengal) দায়িত্বে থাকা ডেপুটি রেজিস্ট্রার জেনারেল। কমিটির সদস্য হিসেবে থাকবেন আইবি অর্থাৎ গোয়েন্দা বিভাগের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার অফিসার, FRRO-র মনোনীত আধিকারিক, পশ্চিমবঙ্গের ন্যাশনাল ইনফরমেটিক্স সেন্টারের আধিকারিক, পোস্টাল ডিপার্টমেন্টের ডেপুটি সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক।

এই কমিটির বৈঠকে যোগ দেবেন রাজ্যের স্বরাষ্ট্র দফতরের প্রিন্সিপাল সেক্রেটারি বা অ্যাডিশনাল চিফ সেক্রেটারি। কমিটির মূল কাজ হবে, যোগ্য আবেদনকারীদের আবেদন খতিয়ে দেখা। জেলার সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করে পরিচয় খতিয়ে দেখা হবে বলে জানানো হয়েছে। নাগরিকত্ব প্রদানের বা আবেদন খারিজের চূড়ান্ত সিদ্ধান্ত নেবে এই কমিটি। এর ফলে নাগরিকত্ব প্রদানের কাজ আরও দ্রুত হবে বলে মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *