T20 World Cup : আইপিএল ব্যান তুলছে বাংলাদেশ, ফের অসহায় পাক বোর্ড – Bengali News | Bangladesh cricket board wants to solve diplomatic relations with india
কলকাতা : নতুন সরকার গঠিত হতেই পুরনো ছবি আমূল বদলে যেতে চলেছে। যাদের সমর্থনে বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান , সেই বাংলাদেশই আইপিএল সম্প্রচার ব্যান তুলে নিতে চলেছে। সদ্যই শেষ হয়েছে বাংলাদেশের নির্বাচন। নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান শপথ নেওয়ার পরেই ক্রিকেট রাজনীতিতেও বদল ঘটেছে। ক্রীড়ামন্ত্রী আমিনুল হক শপথ গ্রহণের পর ভারতীয় উপ-হাইকমিশনারের সঙ্গে দেখা করেছেন। ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় না রাখলে বাংলাদেশের সমস্যা যে বাড়বে, তা ভালো করেই জানে নতুন সরকার। তাই স্টান্স বদল করল বাংলাদেশ।
সংবাদমাধ্যমে আমিনুল বলেছেন, খেলাধুলাসহ সব বিষয়েই ভারতের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়তে চায় বাংলাদেশ। ইউনুস প্রধানমন্ত্রী থাকাকালীন যা যা সমস্যা ছিল, সেগুলি সমাধান করতে উদ্যোগী হয়ে উঠেছেন আমিনুল। তাঁর মতে, “প্রতিবেশী দেশগুলির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখাই লক্ষ্য বাংলাদেশ সরকারের। আজ শপথগ্রহণের পরেই আমি ভারতের ডেপুটি হাই-কমিশনারের সঙ্গে দেখা করেছি। আমরা আলাপ-আলোচনার মাধ্যমে সম্পূর্ণ পরিস্থিতি বদল করতে বদ্ধপরিকর। সকল প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গেই আমাদের যেন সুসম্পর্ক থাকে।”
এ সবের মধ্যেই চর্চায় আইপিএল। কেকেআর ৯ কোটি টাকায় কিনেছিল মুস্তাফিজুর রহমানকে। কিন্তু নিরাপত্তাজনিক প্রসঙ্গে বোর্ডের নির্দেশে তাঁকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা। তারপর থেকেই তুমুল বিতর্ক তৈরি হয়। অন্তর্বর্তীকালীন সরকার ‘নিরাপত্তাজনিত’ কারণ দেখিয়ে ভারতের দল পাঠায়নি। এই কারণেই বাংলাদেশের বদলে খেলেছে স্কটল্যান্ড। মনে করা হচ্ছে, এই রাজনৈতিক রদবদলের পর আইপিএলের উপর থেকে ব্যান তুলে নিতে পারে বাংলাদেশ সরকার। আগে বলা হয়েছিল, বাংলাদেশে আইপিএলের সম্প্রচার করা হবে না। এখন মনে হচ্ছে, অবস্থানের বদল ঘটতে পারে।
আমিনুল স্বীকার করেছেন, কূটনৈতিক জটিলতার কারণে দলকে বিশ্বকাপে পাঠানো সম্ভব হয়নি। সেই জটিলতা মেটাতে বদ্ধপরিকর আমিনুল। অথচ, বাংলাদেশের পাশে দাঁড়াতেই বিশ্বকাপের আগে ‘বয়কট’ নাটক শুরু করেছিল পাকিস্তান। যদিও, শেষ অবধি ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলে এবং হারে পাকিস্তান। বিসিবির প্রাক্তন সিইও সৈয়দ আশরাফুল হক বলেছিলেন, “পাকিস্তানের ফাঁদে পা দিয়েছে বাংলাদেশ।” বাংলাদেশ বোর্ডের উচিত ছিল খেলোয়াড়দের রক্ষা করা। তা না করে তাঁরাও পরিস্থিতির দোষারোপ করতে শুরু করেছিলেন। এখন যদি আবার বাংলাদেশ ও ভারতের কূটনৈতিক মিল হয়ে যায়, তাহলে আন্তর্জাতিক মঞ্চে আবার মুখ পুড়বে নকভির।