BLA Detained Pak Soldiers: চোখে-মুখে আতঙ্ক! চিৎকার করে বলছেন, 'আমাদের বাঁচান', ভয়ঙ্কর পরিণতি পাক সেনার - Bengali News | BLA released video of detained Pakistan soldiers pleading for help - 24 Ghanta Bangla News
Home

BLA Detained Pak Soldiers: চোখে-মুখে আতঙ্ক! চিৎকার করে বলছেন, ‘আমাদের বাঁচান’, ভয়ঙ্কর পরিণতি পাক সেনার – Bengali News | BLA released video of detained Pakistan soldiers pleading for help

Spread the love

ইসলামাবাদ: ধূ-ধূ মরু প্রান্তর। হাঁটু মুড়ে বসে রয়েছেন বেশ কয়েকজন। চোখে-মুখে আতঙ্কের ছাপ। পরনের পোশাক দেখে বোঝা যাচ্ছে, সেনাকর্মী তাঁরা। হাতে একটা কার্ড দেখিয়ে চিৎকার করে বলছেন, ‘আমাদের বাঁচান। দয়া করে আমাদের প্রতি অবিচার করবেন না।’ ছবিটা পাকিস্তান সেনার । সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা ডিজিটাল। তবে ভিডিয়োকে কেন্দ্র করে ইতিমধ্যেই হইচই পড়ে গিয়েছে। পাকিস্তান সরকারের কাছেই তাঁদের সেনা জওয়ানরা এমন কাতর আর্জি জানাচ্ছেন। কিন্তু কেন?

এক্স হ্যান্ডেলে ভিডিয়োটি শেয়ার করেছে বালোচ বিদ্রোহীদের মিডিয়া শাখা হাক্কাল। ভিডিয়োতে যে পাকিস্তান সেনা জওয়ানদের দেখা যাচ্ছে, তারা বালোচ বিদ্রোহীদের হাতে বন্দী। এমনটাই দাবি করা হয়েছে বিএলএ-র তরফে। ভিডিয়োতেও জওয়ানদের দাবি একই। কিন্তু, তাঁদের নিজের দেশের সেনা হিসেবে মানতে নারাজ পাকিস্তান। তাই তাঁরা পরিচয়পত্র দেখিয়ে পাক সরকার ও সেনাকে আর্জি জানাচ্ছেন, যেন তাঁদের উদ্ধার করা হয়। তাঁদের প্রশ্ন, কীভাবে পাক সেনা বলতে পারে যে আমরা তাঁদের কর্মী নই? কেন তাঁদের অস্বীকার করা হচ্ছে?

ভিডিয়োতে এক পাক সেনা জওয়ান সাহায্যের আর্তি জানিয়ে প্রশ্ন তুলছেন, “এই পরিচয়পত্রটা কার? এটাই কি সেনার অধিকার? আমার কার্ডটা দেখুন, এটা পাকিস্তানের তরফে আমাকে দেওয়া হয়েছে।” তিনি আরও বলেন, “আমি অনুরোধ করছি আমার বাবা বিশেষভাবে সক্ষম। আমি বাড়ির বড় ছেলে। আমরা আপনাদের কর্মী নই বলে এত বড় অবিচার করবেন না। যদি বলতেই হয় যে আমরা আপনাদের কর্মী নই, তা হলে কেন আমাদের নিয়োগ করা হল?” যদিও ভিডিয়ো কতটা সত্যি, সেই বিষয়ে প্রশ্ন উঠছে। এখনও পর্যন্ত এই বিষয়ে পাক সরকার বা পাক সেনার তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। বা কতজন পাকিস্তানি সেনা জওয়ান বন্দী রয়েছেন, সেই বিষয়েও কোনও মন্তব্য করা হয়নি পাক সরকারের তরফে।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে বালোচ বিদ্রোহীদের সঙ্গে সংঘর্ষ চলছে পাকিস্তানের। বালোচ বিদ্রোহীদের বিরুদ্ধে অপারেশন হেরফ ২.০ অভিযান চালাচ্ছে পাকিস্তান। পাল্টা আক্রমণ চালাচ্ছে বালোচ বিদ্রোহীরাও। হামলায় বহু পাক সেনার মৃত্যু হয়েছে। আবার বহু বালোচ বিদ্রোহীদেরও মৃত্যু হয়েছে। বিএলএ-এর দাবি, তাঁদের হাতে বন্দী রয়েছেন বহু পাক সেনা জওয়ান। ভিডিয়োতে যে সেনা জওয়ানদের দেখা যাচ্ছে, তাঁরা অপারেশন হেরফ ২.০ অভিযানের সঙ্গে জড়িত ছিল। পাকিস্তান সরকারকে সাত দিনের ডেডলাইন দিয়েছে বিএলএ। সময়সীমা শেষ হতে বাকি রয়েছে আর তিনদিন। এই সময়সীমার মধ্যে পাকিস্তানের হাতে আটক বালোচ বিদ্রোহীদের মুক্তি না দিলে, বন্দী পাক সেনা জওয়ানদের মৃত্যুদণ্ড দেবেন তাঁরা।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *