Babri Masjid: 'মসজিদ আমরাই করব', হুমায়ুনের বাবরি মসজিদের জন্য টাকা দিলেন TMC নেতা - Bengali News | TMC block president donates money for Babri Masjid found by Humayun Kabir - 24 Ghanta Bangla News
Home

Babri Masjid: ‘মসজিদ আমরাই করব’, হুমায়ুনের বাবরি মসজিদের জন্য টাকা দিলেন TMC নেতা – Bengali News | TMC block president donates money for Babri Masjid found by Humayun Kabir

মুর্শিদাবাদ: বিধানসভা নির্বাচনের আগে বাংলার রাজনৈতিক মহলে চর্চায় রয়েছেন হুমায়ুন কবীর। সিপিএমের সঙ্গে বৈঠক, নওশাদের সঙ্গে আলোচনার পাশাপাশি অধীর চৌধুরীকে ব্যক্তিগতভাবে সমর্থন করার কথাও জানিয়েছেন হুমায়ুন কবীর। সেই হুমায়ুনের বাবরি মসজিদেই এবার অনুদান দিলেন তৃণমূল নেতা।

নওদা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ সফিউজ্জামান শেখ রমজান মাসের প্রথম দিনেই বাবরি মসজিদ নির্মাণের জন্য ১ লক্ষ ১১ হাজার টাকা দান করেছেন।

ব্যাঙ্ক চেকের মাধ্যমে ওই মসজিদের ট্রাস্টের নামে টাকা দিয়েছেন তিনি। ‘ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অব ইন্ডিয়া’র নামে ওই চেক দিয়েছেন। সপ্তাহ খানেক আগে হুমায়ুনের বাবরি মসজিদকে সমর্থন করেছিলেন তৃণমূল বিধায়ক তথা মুর্শিদাবাদ জেলার চেয়ারম্যান নিয়ামত শেখ। এবার শুধু সমর্থন নয়, সরাসরি আর্থিক সহযোগিতা করলেন তৃণমূলের ব্লক সভাপতি।

নওদার এই ব্লক তৃণমূল সভাপতি দিন দুয়েক আগে একটি ব্লকের সভা থেকে বলেছিলেন, “মসজিদ আমরাই তৈরি করব। মুর্শিদাবাদ জেলার মানুষ তৈরি করব।” তারপরই এই মসজিদ তৈরির টাকা দিলেন তিনি।

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে দলের বিরুদ্ধে মন্তব্য করার পর তৃণমূল সাসপেন্ড করে হুমায়ুন কবীরকে। ফিরহাদ হাকিম সাসপেন্ড করার সময় জানিয়ে ছিলেন, বাবরি মসজিদ করার অর্থ বিতর্ক আবারও উস্কে দেওয়া। ধর্মান্ধতার দিকে সমাজকে ঠেলে দেওয়া। সে কাজটা তৃণমূল বিশ্বাস করে না। তাঁর বাবরি মসজিদ তৈরি করার সিদ্ধান্ত যে তৃণমূল ভালো চোখে দেখেনি, তা দলের তরফে একাধিকবার বুঝিয়ে দেওয়া হয়েছে। ধর্মের সঙ্গে রাজনীতি মিলিয়ে দেওয়াতেই তৃণমূলের আপত্তি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *