T20 World Cup: যতক্ষণ না… অভিষেককে এবার সতর্কবার্তা পাঠালেন আমির! – Bengali News | T20 World Cup: Until He Fixes This Flaw, Abhishek Will Struggle — Mohammad Amir’s Fresh Warning
অভিষেককে এবার সতর্কবার্তা পাঠালেন আমির!
কলকাতা: পাকিস্তান ম্যাচের ঠিক আগে বলেছিলেন, স্লগার! অর্থাৎ, স্লগ ওভারে যে ভাবে ব্যাট করেন কোনও ব্যাটসম্যান, ঠিক তেমনই তিনি। এমন ওভারগুলোয় ব্যাট করার জন্য কোনও টেকনিকের ধার ধারেন না কেউ। সব বলেই চালানোর চেষ্টা করেন ব্যাটার। দ্রুত গতিতে রান তোলায় থাকে লক্ষ্য। অভিষেক শর্মা সেই রকম স্লগার ব্যাটার।
পাকিস্তানের প্রাক্তন বাঁ-হাতি পেস বোলার মহম্মদ আমিরের মন্তব্য ঘিরে ঝড় উঠেছিল। কেউ বলেছিলেন, ফিরে আসবেন। কেউ বলেছিলেন, পাকিস্তান ম্যাচেই দেবেন যোগ্য জবাব। তা হয়নি। উল্টে ফর্ম হাতড়ে বেড়াচ্ছেন অভিষেক। তিনটে ম্যাচে শূন্যের হ্যাটট্রিক করেছেন। যা নিয়ে চলছে প্রবল সমালোচনা। ওপেনারের এহেন ফর্মে দুশ্চিন্তায় পড়ে গিয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। এই পরিস্থিতিতে আবার অভিষেককে বিঁধলেন আমির।
পাকিস্তানের ওপেনার সাইম আয়ুবও এক সময় একই সমস্যায় ভুগছিলেন। যা সামনে থেকে দেখেছিলেন আমির। সেই অভিজ্ঞতা তুলে ধরে বলেছেন, ‘সাইমের ক্ষেত্রেও একই সমস্যা দেখেছিলাম, যখন ও প্রথম পিএসএল খেলতে এসেছিল। চোখ বুজে শট নিত। কেউ তখন ওর দুর্বলতা ধরতে পারত না। কারণ ওর অধিকাংশ শটগুলো ছিল লেগ সাইডে। সেটাই অভিষেকের ক্ষেত্রে দেখতে পাচ্ছি। কোনও বোলার যদি তৃতীয়-চতুর্থ স্টাম্প ধরে বল করে, অভিষেক কিন্তু কী করবে বুঝতে পারবে না। শেষ দুটো ম্যাচে কিন্তু ও অফসাইডে আউট হয়েছে। যতক্ষণ না ও নিজেকে অফসাইডে শক্তিশালী করছে, ততক্ষণ এই সমস্যা চলবে। উন্নতি দেখা যাবে না। যে কোনও ভালো বোলার সব সময় ব্যাটারের দুর্বলতার পরীক্ষা নেবে।‘
আমির একই সঙ্গে বলছেন, ‘অভিষেক সব বলই ওর পছন্দের জায়গায় চায়, যাতে বড় শট নিতে পারে। বড় মঞ্চে কিন্তু এটা সম্ভব হবে না। সলমন আঘা, আরিয়ান দত কিন্তু ওকে একই ভাবে আউট করেছে। মনে রাখতে হবে, আন্তর্জাতিক ক্রিকেট তোমার দুর্বলতা প্রকাশ করে দেবে।”