Selim Khan: সলমনের মাকে দেখলে কেন মুখ ঢেকে নিতেন সেলিমের দ্বিতীয় স্ত্রী হেলেন? – Bengali News | Here is why did helen hide her face from salim khans first wife salma
মুম্বইয়ের ব্যান্ডস্ট্যান্ডে সেলিম খানের বাড়ির বারান্দায় সালমা খানকে দাঁড়িয়ে থাকতে দেখলেই কুঁকড়ে যেতেন হেলেন। কখনও গাড়ির ভেতরে মাথা নিচু করে নিতেন, কখনও বা দ্রুত নজর এড়িয়ে চলে যেতেন। আজ যখন গোটা খান পরিবার একই ছাদের তলায় উৎসবে মাতোয়ারা হয়, তখন ফেলে আসা সেই দিনগুলোর কথা ভাবলে অবাক হতে হয়।
সেলিম খান ও হেলেনের সম্পর্কের শুরুটা হয়েছিল পেশাদারী জায়গা থেকে। ‘শোলে’, ‘ডন’, ‘দোস্তানা’র মতো কালজয়ী ছবিতে হেলেনকে কাজের সুযোগ করে দিয়েছিলেন চিত্রনাট্যকার সেলিম খান। সেই পেশাদারী সম্পর্ক কখন যে গভীর বন্ধুত্ব আর প্রেমে রূপ নিল, তা আজও হেলেনের কাছে এক বিস্ময়। সেলিম তনয় আরবাজ খান এই সম্পর্ককে ব্যাখ্যা করেছেন এক ‘আবেগপূর্ণ দুর্ঘটনা’ হিসেবে। ১৯৮০ সালে বিয়ের পিঁড়িতে বসলেও, সেলিম ও হেলেনের প্রেমের কথা তার অনেক আগে থেকেই টিনসেল টাউনের ওপেন সিক্রেট ছিল। হেলেন জানান, ব্যান্ডস্ট্যান্ড দিয়ে যাওয়ার সময় সালমা খানকে বারান্দায় দেখলে হেলেন সটান মুখ লুকিয়ে নিতেন। এই লুকিয়ে পড়ার কারণ ভয় ছিল না, বরং ছিল সালমা খানের প্রতি অগাধ শ্রদ্ধা। হেলেন কখনও চাননি তাঁর উপস্থিতিতে সালমা বা তাঁর সংসার অশান্ত হোক। সালমার নজর এড়িয়ে যাওয়ার জন্য হেলেন নিজের গাড়ি পর্যন্ত বদলে নিতেন বা ফাঁকা করে দিতেন যাতে কেউ তাঁকে চিনতে না পারে।
হেলেন ও সেলিম খানের সম্পর্কের কথা যখন জানাজানি হয়, তখন সালমা খান ভেঙে পড়লেও সন্তানদের শিখিয়েছিলেন এক অনন্য পাঠ। সলমন-আরবাজ়দের তিনি স্পষ্ট বলেছিলেন, “তোমরা আমাকে যতটা শ্রদ্ধা করো, হেলেনকেও যেন ঠিক ততটাই সম্মান করো।” সময়ের সঙ্গে সঙ্গে সম্পর্কের তিক্ততা ধুয়ে মুছে গিয়েছে। আজ হেলেন ও সালমা একে অপরের পরিপূরক। আরবাজ় খান স্মৃতিচারণ করে বলেন, এখন কোনও পারিবারিক অনুষ্ঠানে হেলেন না এলে প্রথম ফোনটা তাঁর মা সালমাই করেন। হেলেন বরাবরই চেয়েছেন সেলিমের প্রথম পরিবারের মর্যাদা বজায় রাখতে। তিনি কখনোই সেলিমকে তাঁর স্ত্রী বা সন্তানদের থেকে আলাদা করার চেষ্টা করেননি। আর এই ত্যাগ ও পারস্পরিক সম্মানবোধই আজ খান পরিবারকে বলিউডের এক বিরল এবং সফল ‘ব্লেন্ডেড ফ্যামিলি’র উদাহরণ হিসেবে দাঁড় করিয়েছে।