Ranji Trophy : ইতিহাস জম্মুর, সামির থেকে বোলিংয়ের ক্লাস নিলেন নবি – Bengali News | Mohamaed Shami and Aqib Nabi had a conversation after the semi final match between Bengal and J&K
কলকাতা : রঞ্জিতে ভাল শুরু করেও ব্যর্থ হয়েছে বাংলা। সেমিফাইনালে জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে হেরে ট্রফির দৌড় থেকে ছিটকে গিয়েছে দল। ভাল শুরু করেও দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৯ রানেই অল আউট হয়ে গিয়েছে বাংলা। এরপরেই তাদের নিয়ে তোপ দেগেছেন বাংলার প্রাক্তনীরা। সম্বরণ বন্দোপাধ্যায় থেকে অরুণ লাল – খেলোয়াড়দের সমালোচনা করতে ছাড়েন নি কেউই। ২০২৩ সালে শেষবার রঞ্জির ফাইনাল খেলেছিল বাংলা। সৌরাষ্ট্রের কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছিল অনুষ্টুপদের। এই ম্যাচে আলোচনার কেন্দ্রবিন্দু ছিলেন দু’জন। বাংলার মহম্মদ সামি ও জম্মুর আকিব নবি।
চলতি মরসুমে দুই প্রজন্মের দুই সেরা পেসার পেয়েছেন ৯২ উইকেট। সেমিতে প্রথম ইনিংসে সামি পেয়েছিলেন ৮ উইকেট, যা তাঁর কেরিয়ারের সর্বোচ্চ। নবি দুই ইনিংস মিলিয়ে পেয়েছেন ৯ উইকেট। কার্যত তাঁর একার সামনেই ধ্বংস হয়ে গিয়েছে বাংলার ট্রফি স্বপ্ন। ম্যাচ শেষ হতেই নবি ছুটে যান বাংলার ড্রেসিংরুমে। সেখানে নবির সঙ্গে দীর্ঘক্ষণ কথা হয় সামির। সামির সঙ্গে হাত মিলিয়ে সেলফি তুলেছেন নবি। সামিকে তাঁর গতি ও ডায়েট নিয়ে প্রশ্ন করেছেন নবি। সব প্রশ্নেরই উত্তর দিয়েছেন সামি। সংবাদমাধ্যমকে নবি জানিয়েছেন,”আমাকে জিমে আরও সময় কাটানোর পরামর্শ দিয়েছেন। ডায়েট সম্পর্কে তিনি বলেছেন পরিমিত আহার করতে। তবে সবকিছুই খাওয়ার পরামর্শ দিয়েছেন।” সামির সঙ্গে রিভার্স সুইং নিয়েও আলোচনা করেছেন নবি। সামির পরামর্শ ফাইনালে কাজে লাগবে, মত নবির।
দুই বোলারের একজন ক্রমাগত ভাল বোলিং করেও জাতীয় দল থেকে ব্রাত্য। অন্যজন জাতীয় দলের দরজায় কড়া নাড়ছেন। এই দুজনের যুগলবন্দীতেই নতুন করে ‘ভাল বোলার’ পাবার আশা করছে ভারতীয় ক্রিকেট। গতকাল জয়ের পরেই ভিডিও কলে জম্মুকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন বিসিসিআই প্রেসিডেন্ট মিঠুন মানহাস। রঞ্জি ট্রফির চ্যাম্পিয়ন দল পাবে ৫ কোটি টাকা পুরস্কার। রানার্স দল পাবে ৩ কোটি টাকা। ফাইনালে ওঠার ফলে আগেই ৩ কোটি টাকা নিশ্চিত পেতে চলেছে জম্মু দল। এই অর্থ কাজে লাগবে তাদের ক্রিকেটের সার্বিক উন্নতিতে। এর ফলে জম্মু থেকে উঠে আসতে পারেন পারভেজ রসুল, আকিব নবির মত ক্রিকেটাররা, মত ক্রিকেটমহলের।