বাড়িতে বানানো চিলি চিকেনের স্বাদ রেস্তোরাঁর মত হচ্ছে না! এসব ভুল এড়িয়ে চলুন - Bengali News | Why Your Homemade Chilli Chicken Lacks Restaurant Flavour – 5 Mistakes to Avoid - 24 Ghanta Bangla News
Home

বাড়িতে বানানো চিলি চিকেনের স্বাদ রেস্তোরাঁর মত হচ্ছে না! এসব ভুল এড়িয়ে চলুন – Bengali News | Why Your Homemade Chilli Chicken Lacks Restaurant Flavour – 5 Mistakes to Avoid

Spread the love

চিলি চিকেন এমন এক পদ, যার নাম শুনলেই জিভে জল আসে। লালচে রং, কুচোনো পেঁয়াজ-রসুনের ঘ্রাণ, কাঁচা লঙ্কার ঝাঁজ—সব মিলিয়ে চিকেনপ্রেমীদের খাদ্য তালিকায় রাজ করে চিলি চিকেন। বাইরে থেকে না এনে অনেকেই চান বাড়িতে বানাতে। তবে কিছুতেই মন ভরে না। বাড়িতে বানাতে গিয়ে অনেকেই বলেন, “সবই তো দিলাম, তবু সেই স্বাদটা এল না!” আসলে সমস্যা উপকরণে নয়, সমস্যা কৌশলে। ছোট ছোট কয়েকটা ভুলেই স্বাদ বদলে যায় পুরোপুরি। এই টিপসগুলো মেনে চললেই আপনার বানানো চিলি চিকেন হবে পারফেক্ট, সবাই খাবে চেটে পুটে।

কী কী ভুল করেন?

প্রথম এবং সবচেয়ে বড় ভুল – মেরিনেশনকে গুরুত্ব না দেওয়া। মুরগির টুকরো শুধু নুন-মরিচ মাখিয়ে সঙ্গে সঙ্গে ভেজে ফেললে হবে না। অন্তত আধঘণ্টা মশলা মাখিয়ে রেখে দিতে হয়। সামান্য লেবুর রস, আদা-রসুন বাটা, সয়া সস মাখিয়ে রেখে দিলে এই উপাদানগুলো সময় পেলে মাংসের ভেতরে ঢুকে যায়। লবণ ও অম্লজাত উপাদান কিছু সময় মাংসে মাখিয়ে রাখলে তা নরম হয় এবং রান্নার পর রসালো থাকে। তাড়াহুড়ো করলে মাংস শক্ত হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।

দ্বিতীয় ভুল – কর্নফ্লাওয়ার ও ময়দার ভারসাম্য নষ্ট করা। চিলি চিকেনের বাইরের কড়কড়ে স্তরটাই তার পরিচয়। অনেকে বেশি কর্নফ্লাওয়ার দিয়ে দেন, ফলে আস্তরণ মোটা ও শক্ত হয়ে যায়। আবার কম দিলে ভাজার সময় খুলে পড়ে। ব্যাটার এমন হতে হবে, যাতে মুরগির গায়ে হালকা কিন্তু শক্ত কোটিং তৈরি হয়। একটু ডিম মেশালে কোটিং আরও ভালো ধরে।

তৃতীয় বড় ভুল – তেলের তাপমাত্রা ঠিক না রাখা। তেল কম গরম থাকলে মুরগি অতিরিক্ত তেল শুষে নেয়, আর বেশি গরম হলে বাইরেটা দ্রুত পুড়ে যায়। মাঝারি আঁচে ধীরে সোনালি হওয়া পর্যন্ত ভাজতে হবে। প্রয়োজনে একবারে বেশি না দিয়ে অল্প অল্প করে ভাজুন। এতে তেলের তাপমাত্রা হঠাৎ কমে যায় না।

চতুর্থ ভুল – সস তৈরিতে দেরি করা। চিলি চিকেন বানানো মানে দ্রুত কাজ করা। পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচালঙ্কা আগে কেটে রাখুন। সয়া সস, টমেটো সস, ভিনেগার আলাদা করে মিশিয়ে রাখুন। মুরগি ভাজার পর যদি তখন সস বানাতে বসেন, ততক্ষণে কড়কড়ে ভাব নষ্ট হয়ে যাবে। রান্নাটা দ্রুত শেষ করাই আসল কৌশল।

পঞ্চম ভুল-অতিরিক্ত সস ঢেলে দেওয়া। অনেকেই ভাবেন, বেশি সস মানেই বেশি স্বাদ। কিন্তু চিলি চিকেন ঝোল ঝোল নয়, মাখা মাখা হলেই ভালো। বেশি সস দিলে মুরগির কড়কড়ে আস্তরণ নরম হয়ে যায় এবং স্বাদের ভারসাম্য হারিয়ে যায়। ঝাল, টক আর হালকা মিষ্টির মিশ্রণটাই এখানে আসল।

পরের বার রান্না করার আগে এই পাঁচটি ভুল এড়িয়ে চলুন। দেখবেন, বাড়ির রান্নাঘরেই তৈরি হবে এমন স্বাদ, যা খেয়ে কেউ বলবেই—“এ তো একদম রেস্তরাঁর মতো!”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *