ঠিক যেন সিনেমা, মালদহে মাদক পাচারের ছক জেনে শিউরে উঠছে পুলিশও – Bengali News | School children involved in drug racket in Malda
ইংরেজবাজার এলাকার কুমারপুর। সাদামাটা আর পাঁচটা গ্রাম্য এলাকার মতোই এই জায়গা। কিন্তু কে বলবে, এই কুমারপুরের তলপেটেই গড়ে উঠেছে বিরাট মাদকচক্র? সম্প্রতি এই কুমারপুরেই তল্লাশি চালিয়ে একটি কারখানা থেকে ১৭ কোটি টাকার ব্রাউন সুগার উদ্ধার করেছে মালদহ জেলা পুলিশ। উত্তর-পূর্বের রাজ্য — অসম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড থেকে উত্তরবঙ্গের মালদহে এসে পৌঁছয় মাদক তৈরির কাঁচামালা। তারপর সেই কাঁচামাল দিয়েই তৈরি হয় নানাবিধ মাদক সামগ্রী। আমের ফলনের বিখ্যাত মালদহ এখন ফলায় মাদকও। কুমারপুরের মতোই গুপ্ত কারখানায় মাদক তৈরির পর তা সরাসরি চলে যায় পূর্ব ভারতে। মালদহ জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, মাদক তৈরির পর সেটিকে লোকালয়ে বিক্রির খাতিরে কেরিয়ার হিসাবে কাজ করছে খুদে স্কুল-পড়ুয়ারা। ১২ থেকে ১৪ বছরের নাবালকদের বাছাই করে এই কাজে ব্য়বহার করছে পাচারকারীরা। বই-খাতার মাঝেই পাচার হয়ে যাচ্ছে হাজার-হাজার টাকার মাদক। কেরিয়ার হিসাবে কাজ করছেন সদ্য মা হয়েছেন এমন মহিলারাও। সেক্ষেত্রে বেবি ফুডের আড়ালেই পাচার হচ্ছে মাদক।