Tarique Rahman-Sheikh Hasina: ইউনূস পারেননি, তারেক কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরাবেন? হবু প্রধানমন্ত্রী বললেন… – Bengali News | Muhammad Yunus Couldn’t Bring Back Sheikh Hasina to Bangladesh, Will Tarique Rahman succeed? What He Said
ঢাকা: পদ্মাপাড়ে এখন অন্য হাওয়া। দুই দশক পর ক্ষমতায় এসেছে বিএনপি। প্রধানমন্ত্রী হচ্ছেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। তৈরি হবে নতুন সরকার। নতুনভাবে চলবে দেশ। তবে প্রাক্তন প্রধানমন্ত্রীর কী হবে? তাঁকে তো ফাঁসির সাজা দিয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাহলে কি প্রধানমন্ত্রীর পদে বসেই প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবেন তারেক রহমান?
নির্বাচনে জয়ের পর গতকালই (১৪ ফেব্রুয়ারি) প্রথম সাংবাদিক বৈঠক করেন তারেক রহমান। সেখানে তাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরানো নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে এক কথায় তারেক বলেন, “এটি আইনি প্রক্রিয়ার ওপর নির্ভর করে”।
আন্তর্জাতিক অপরাধ আদালতের রায়কে মানতে চাননি হাসিনা। তারেক রহমানের সরকার কি সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে? এই প্রশ্নের উত্তর দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, “এটি বিচার বিভাগের বিষয়”। আন্তর্জাতিক অপরাধ আদালতের বিষয়ে বিচার বিভাগকে “নির্বাহী এবং আইনসভার কাজ থেকে আলাদা” রাখার কথাও বলেন তিনি।
এবারের নির্বাচনে অংশ নিতে পারেনি আওয়ামী লিগ। তাদের প্রচুর কর্মী-সমর্থক সেই কারণে ভোটও দেননি। এই সমস্ত জায়গায় সমস্য়ার সমাধান কী করে হবে, তার উত্তরে তারেক রহমান বলেন যে আইনের শাসন নিশ্চিত করার মাধ্যমে সমাধান করা হবে।
বিএনপি সরকার গঠনের পর শেখ হাসিনার বিরুদ্ধে দুর্নীতি মামলা চলবে কি না, সেই প্রশ্নের যদিও কোনও উত্তর দেননি তারেক রহমান। বরং বিএনপি কর্মীদের পরামর্শ দেন যে কোনও উসকানি দেওয়া হলেও বিএনপির সকল স্তরের নেতা-কর্মীরা যেন শান্ত এবং সতর্ক থাকেন।