Kolkata Police: কলকাতার রাস্তায় ঘুরছিল শিব-দুর্গারা, পকেট থেকে টাকা বের করতেই ওরা দেখিয়ে দিল নিজের রূপ – Bengali News | Four Person Arrested by Kolkata Police for pick pocket
কলকাতা: ধরুন আপনি ট্র্যাফিক সিগন্যালে বা অন্য কোথাও অপেক্ষা করছেন। কিংবা হয়ত রাস্তা পেরনোর জন্য দাঁড়িয়ে রয়েছেন। হঠাৎ সেখানে দেখলেন মা কালী, শিবঠাকুর এবং আরও অন্যান্য দেবদেবী এসে হাজির। আপনি তাঁদের দেখে কিছু সাহায্য করলেন। কিন্তু তারপর দেখলেন আপনার পকেট ফাঁকা। হ্যাঁ ঠিকই! শহরে এইভাবেই চলছে পকেটমারি। মোবাইল-টাকা নিয়ে চম্পট দিচ্ছে চোরের দল। আর তাই সাধারণ মানুষকে সতর্ক করতে এবার ফেসবুকে পোস্ট করল কলকাতা পুলিশ। জানাল, কীভাবে চোখের নিমেষে উধাও হয়ে যাচ্ছে দামী জিনিস।
কলকাতা পুলিশ সূত্রে খবর, কয়েকদিন আগেই গিরীশ পার্ক থানায় একটি অভিযোগ জমা পড়ে মোবাইল চুরির। সংশ্লিষ্ট অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে। তখনই গ্রেফতার হয় দু’জন। তাদের নাম মহম্মদ শাহনওয়াজ এবং মহম্মদ সমীর এদেরকে আরও জেরা করে বাকি আরও চারজনের খোঁজ মেলে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্তদের নাম অনিল রামজু সালাত, ধীরু কালোভাই সালাত, সমীরভাই সালাত, এবং রাজু কুমার। এরা সকলেই গুজরাটের বাসিন্দা। জানা যাচ্ছে, শুধু কলকাতা নয়,অন্যান্য শহরেও এই একই প্রতারণা চক্র চালাচ্ছিল অভিযুক্তরা। জানা যাচ্ছে, এরা সকলে বিভিন্ন ঠাকুর-দেবতার বেশ ধরে। তারপর গিয়ে টাকা চায়। অনেকেই ভক্তির খাতিরে টাকা দিয়েও দেন। কিন্তু তারা চলে যেতেই পকেট কার্যত ফাঁকা। হাত সাফাই করে নিয়ে পালিয়ে যায় মোবাইল-মানিব্যাগ।
বিগত বেশ কয়েকদিন ধরে জোড়াসাঁকো থানায় ভেকধারীদের বিরুদ্ধে অভিযোগ জমা পড়ছিল। এরপর গিরীশ পার্ক থানায় দায়ের মোবাইল চুরির অভিযোগ জমা পড়ে। তারপরই কলকাতা পুলিশ এই চক্রের পর্দা ফাঁস করে।