IIT-র মেধাবী পড়ুয়া, বিদেশে পড়ার স্বপ্ন পূরণ করতে গিয়ে ক্যালিফোর্নিয়ার ঝিলে মিলল দেহ – Bengali News | IIT Madras Bright Student Found Dead in California 6 days After He Went Missing
ক্যালিফোর্নিয়া: সামনে অপেক্ষা করছিল উজ্জ্বল ভবিষ্যৎ, কিন্তু সেই পথ চলা থেমে গেল অকালেই। ক্যালিফোর্নিয়া থেকে উদ্ধার বছর বাইশের এক ভারতীয় পড়ুয়ার মৃতদেহ। লেক আনজ়া থেকে তাঁর দেহ উদ্ধার হয়। ছয়দিন আগে নিখোঁজ হয়ে গিয়েছিল ওই যুবক। ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, পুলিশ তাঁর দেহ উদ্ধার করেছে। তবে কীভাবে ওই যুবকের মৃত্যু হল, তা এখনও জানা যায়নি।
সাকেত শ্রীনিবাস নামক ২২ বছরের যুবকের বাড়ি কর্নাটকে। আইআইটি মাদ্রাজের পড়ুয়া ছিল শ্রীনীবাস। সে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার বার্কলি-তে কেমিক্যাল অ্যান্ড বায়োমলিকিউলার ইঞ্জিনিয়ারিংয়ে মাস্টার্স করতে গিয়েছিল। গত ৯ ফেব্রুয়ারি ওই যুবক হঠাৎ নিখোঁজ হয়ে যায়। শনিবার ক্যালিফোর্নিয়ার লেক আনজা থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
তাঁর রুমমেট জানিয়েছে, পুলিশ প্রাথমিকভাবে এটা আত্মহত্যা বলেই মনে করছে। কয়েকদিন ধরেই সাকেত খাবার কম খাচ্ছিল, বিশেষ কথাবার্তাও বলছিল না। একদিন ক্লাসে লাল রঙের বাথরোব পরে চলে যায়। তখন বাকি সহপাঠীরা তা নিয়ে মন্তব্য করলে, সাকেত উত্তর দেয় যে তাঁর কিছুতেই আর কিছু যায় আসে না।
সান ফ্রান্সিসকোয় ভারতীয় দূতাবাসের তরফে জানানো হয়েছে, নিখোঁজ হয়ে যাওয়ার পর থেকেই তল্লাশি চালানো হচ্ছিল। লেক আনজ়া ও বার্কলি হিলসের আশেপাশেও তল্লাশি চালানো হয়। টিলডেন রিজিওনাল পার্কের কাছে ওই যুবকের ব্যাগ উদ্ধার হয় যার মধ্য়ে পাসপোর্ট ও ল্যাপটপ ছিল।
এদিকে, এই ঘটনার পরই এআইএমআইএম সাংসদ আসাউদ্দিন ওয়াইসি বিদেশে পড়ুয়াদের সুরক্ষা নিয়ে সরব হয়েছেন।