BJP MLA: ‘যুব সমাজকে বোকা বানাতেই ভাতার ব্যবস্থা’, যুবসাথীর লম্বা লাইন দেখে আক্রমণে বিজেপি - Bengali News | Allowance system is to fool the youth, BJP MLA attacked after seeing the long queue of Yuba sathi - 24 Ghanta Bangla News
Home

BJP MLA: ‘যুব সমাজকে বোকা বানাতেই ভাতার ব্যবস্থা’, যুবসাথীর লম্বা লাইন দেখে আক্রমণে বিজেপি – Bengali News | Allowance system is to fool the youth, BJP MLA attacked after seeing the long queue of Yuba sathi

Spread the love

কী বলছেন বিজেপি বিধায়ক? Image Credit: TV 9 Bangla

ঘাটাল: গোটা রাজ্যজুড়েই পুরোদমে শুরু হয়ে গিয়েছে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিলাপ। উত্তর থেকে দক্ষিণ, সর্বত্রই লম্বা লাইন। ঘাটালের যুবসাথী প্রকল্পের জন্য ক্যাম্পগুলিওতে উপচে পড়া ভিড়। যদিও কটাক্ষ করতে ছাড়ছে না বিজেপি। তীব্র সমালোচনা করতে দেখা গেল ঘাটালের বিজেপি বিধায়কে শীতল কপাটকে। তাঁর সাফ কথা, “বাংলার যুব সমাজ বুঝে গিয়েছে এখানে শিক্ষার মেরুদণ্ড ভেঙে দেওয়া হয়েছে। এখন যুব সমাজকে বোকা বানাতে ভাতার ব্যবস্থা করা হয়েছে। কোনও রাজনৈতিক দল বিশেষ করে তৃণমূল তো এই টাকা বাড়ি থেকে দিচ্ছে না। আসলে আমাদের ট্যাক্সের টাকায় এই ভাতা দেওয়া হচ্ছে। যুব সমাজকে বলব, এভাবে চলবে। আপনাদের ভবিষ্যৎ আপনাদেরই তৈরি করতে হবে। পরিবর্তন আপনাদেরই নিয়ে আসতে হবে।” 

তৃণমূলের বিরুদ্ধে সুর আরও চড়িয়ে শীতল কপাট বলেন, “তৃণমূল কংগ্রেস আসলে যুব সমাজকে ভাতায় ভরিয়ে দেওয়ার চেষ্টা করছে। কর্মসংস্থান শূন্য। চাকরি নেই, শিল্পও নেই। তাই তৃণমূলেরও আর থাকার দরকার নেই। শিক্ষিত যুব সমাজকে যতই যুবসাথী দিক, তৃণমূলের এবারে বিসর্জন হবে এটা নিশ্চিত।”  

এদিন ঘাটালে যুব সাথী প্রকল্পের উদ্বোধন করেন মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়, উপস্থিত ছিলেন ঘাটাল পৌরসভার  চেয়ারম্যান তুহিন কান্তি বেরা। ঘাটাল টাউন হল ও ঘাটাল রাজীব গান্ধী পৌর নিলয়ে বসেছে ক্যাম্প। ২১ থেকে ৪০ বছর বয়সী মাধ্যমিক পাস বেকার যুবক-যুবতীদের জন্য মাসিক দেড় হাজার টাকা আর্থিক সাহায্যে ঘোষণা করেছে রাজ্য সরকার। 

রবিবার থেকে ঘাটাল মহকুমার পাঁচটি পৌরসভা এবং পাঁচটি ব্লকে শুরু হয়েছে বিশেষ শিবিরের মাধ্যমে যুব সাথী প্রকল্পের ফরম জমা নেওয়ার কাজ। সকাল থেকেই যুবসাথী ক্যাম্পে নাম নথিভুক্ত করণের জন্য উপচে পড়া ভিড়। ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই ক্যাম্প চালানো হবে বলে জানিয়েছেন মহকুমা শাসক সুপ্রভাত চট্টোপাধ্যায়। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *