CPIM: পাশে CPM-র সাধারণ সম্পাদক বেবি, বিধানসভায় আসন সমঝোতা নিয়ে সব বললেন সেলিম - Bengali News | 'We are talking about alliance for West Bengal assembly election', says CPIM state secretary Mohammed Salim - 24 Ghanta Bangla News
Home

CPIM: পাশে CPM-র সাধারণ সম্পাদক বেবি, বিধানসভায় আসন সমঝোতা নিয়ে সব বললেন সেলিম – Bengali News | ‘We are talking about alliance for West Bengal assembly election’, says CPIM state secretary Mohammed Salim

সাংবাদিক বৈঠকে সিপিএমের সাধারণ সম্পাদক এম এ বেবি এবং রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমImage Credit: TV9 Bangla

কলকাতা: বাংলায় বিধানসভা নির্বাচনের আরও একশো দিনও বাকি নেই। কিন্তু, বামফ্রন্ট কাদের সঙ্গে জোট করবে, তা এখনও চূড়ান্ত হয়নি। কংগ্রেস একা লড়ার কথা জানিয়ে দিয়েছে। এখন আইএসএফ, মিম, হুমায়ুন কবীরের দলের মধ্যে কার কার সঙ্গে আসন সমঝোতা করবে বামেরা, সেই জল্পনা চলছে। এরই মধ্যে কলকাতায় এসেছেন সিপিএমের সাধারণ সম্পাদক মারিয়াম আলেকজান্ডার বেবি। আর শুক্রবার সিপিএমের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক শেষে এমএ বেবিকে পাশে নিয়ে দলের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম জানিয়ে দিলেন, বিধানসভা নির্বাচনের প্রস্তুতি পুরোদমে চলছে। আসন সমঝোতা নিয়েও আলোচনা শেষ পর্যায়ে বলে জানিয়ে দিলেন।

এদিন এমএ বেবিকে পাশে নিয়ে সাংবাদিক বৈঠক করেন সেলিম। তাঁর চোখে ছিল কালো চশমা। সদ্য তাঁর ছানি অস্ত্রোপচার হয়েছে। সেলিম জানালেন, চিকিৎসক তিনদিন কালো চশমা পরতে বলেছেন। একইসঙ্গে তাঁর কটাক্ষ, “আমাদের তো ব্রান্ডের চশমা নয়।” এরপরই ভোট প্রস্তুতি ও জোট নিয়ে তিনি বলেন, “বিধানসভা নির্বাচনের সাংগঠনিক প্রস্তুতি ও জোট নিয়ে রাজ্য সম্পাদক মণ্ডলী আলোচনা হয়েছে। আগামী ১৯ ও ২০ ফেব্রুয়ারি দলের রাজ্য কমিটির বৈঠক রয়েছে। আর আগে ১৮ তারিখ ফের রাজ্য সম্পাদক মণ্ডলীর বৈঠক হবে। তার আগে আসন সমঝোতা শেষ করে নিতে চাই। আসন সমঝোতা প্রায় শেষের মুখে। বিজেপি ও তৃণমূলের বিরোধী দলগুলির সঙ্গে কথা চলছে।” ১৮ ফেব্রুয়ারি বামফ্রন্টের বৈঠকের পর আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে বলে তিনি জানালেন। আসন সমঝোতা নিয়ে বলতে গিয়ে সেলিমের মুখে আইএসএফের কথা শোনা গেল। আইএসএফের সঙ্গে বামেরা ফের জোট করতে চলেছে কি না, সেই জল্পনা বাড়ল।

গতকাল ‘বাংলা বাঁচাও ডট কম’ নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করেন এমএ বেবি। সেলিমের পাশে বসে কেন্দ্র ও রাজ্য সরকারকে আক্রমণ করেন সিপিএমের সাধারণ সম্পাদক। তিনি বলেন, “গণতন্ত্রকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে মোদী সরকার। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার জনগণ বিরোধী সরকার। আমাদের লড়াই তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে।” জাতীয় নির্বাচন কমিশনকে নিরপেক্ষ ভূমিকা পালনেরও বার্তা দিলেন তিনি। বললেন, “নির্বাচন কমিশনের ভূমিকা নিরপেক্ষ হওয়া দরকার। বিজেপির কথায় চলা উচিত নয়।” বাংলায় বিধানসভা নির্বাচনে এবার বামফ্রন্ট ভালো ফল করবে বলেও দাবি করেন সিপিএমের সাধারণ সম্পাদক। হাত শিবির রাজ্যে সিপিএমের সঙ্গ ছাড়ার পর কংগ্রেসকে ‘সন্ত্রাস’ নিয়ে আক্রমণও করলেন এমএ বেবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *