Latest Weather Update: ফেব্রুয়ারিতেই ৩১ ডিগ্রির গরম! এখন থেকেই ‘খেল’ দেখাতে শুরু করল El Nino? – Bengali News | Latest weather update temperature will rise to 31 degree celcious in next week february is el nino effect already began
কলকাতা: বিদায় ঘণ্টা বেজে গিয়েছে শীতের। হারিয়ে যাওয়ার পথে শীতের আমেজ। ধীরে ধীরে লেপ-কম্বল তুলে ফেলার সময় এসেই গেল। আলিপুর আবহাওয়া অফিস বলছে, আগামী সপ্তাহ থেকে তাপমাত্রা আরও বাড়বে। শীতের রেশ কেটে যাবে।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, এই সপ্তাহে যেখানে ১৬ থেকে ১৭ ডিগ্রির ঘরে রয়েছে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা, তা আগামী সপ্তাহেই ১৯ ডিগ্রিতে উঠে যাবে। ৩০-৩১ ডিগ্রির ঘরে পৌঁছতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। দিনের বেলায় বেশ গরম অনুভব হবে। আগেই জানানো হয়েছিল, এল নিনোর প্রভাবে এবার তীব্র গরম পড়তে চলেছে ভারতে। স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাত হয় এবং খরা দেখা দেয়।
আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬.২ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীতের অনুভূতি কমছে কলকাতা ও জেলাতেও।
উত্তর-পশ্চিমের পার্বত্য এলাকায় পশ্চিমী ঝঞ্চা রয়েছে। ধীরে ধীরে তা সরে যাচ্ছে। আজ, শুক্রবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে। সোমবার আরও একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে।
কলকাতায় যেমন তাপমাত্রা বাড়ছে, তেমনই উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গেও তাপমাত্রা বাড়বে। উইকেন্ডে বেশ কিছুটা বাড়বে তাপমাত্রা। দক্ষিণবঙ্গে ঘন কুয়াশার সতর্কতা নেই আপাতত। দক্ষিণবঙ্গে স্বাভাবিকের নীচে রয়েছে তাপমাত্রা। আগামী দুই দিনে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে।
অন্যদিকে, উত্তরবঙ্গের সব জেলাতেই সকালের দিকে কিছুক্ষণ হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। কুয়াশা বেশি থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়। দার্জিলিংয়ে এখন ৫ থেকে ৭ ডিগ্রির মধ্যে রয়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গের নীচের দিকের জেলাগুলিতে তাপমাত্রা ১২ থেকে ১৫ ডিগ্রির ঘরে থাকবে।