Kolkata Municipal Corporation: মেয়রের মুখে শুধুই লক্ষ্মীর ভাণ্ডার কেন? প্রশ্ন বিরোধীদের, কলকাতা পুরসভার বাজেট ঘাটতি কত কোটিতে দাঁড়াল? – Bengali News | Kolkata Municipal Corporation’s budget deficit of 111 crore rupees, why is the mayor only talking about Lakshmi Bhandar, Question from the opposition
কলকাতা: লক্ষ্মী ভাণ্ডার প্রাধান্য কলকাতা পুরসভার বাজেটে, পুর পরিষেবা বাদ দিয়ে কেন রাজ্য সরকারের প্রকল্প উঠল বাজেট বক্তৃতায়, প্রশ্ন বিরোধীদের। ১১১ কোটি টাকা ঘাটতি বাজেট পেশ মেয়রের। শুরু চাপানউতোর। বিধানসভা নির্বাচনের আগে আশা করা হয়েছিল ঘাটতির পরিমাণ ১০০ কোটির নিচে নামবে। কিন্তু কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম ২০২৬-২৭ অর্থবর্ষের বাজেট পেশ করার পর দেখা গেল বাজেট ঘাটতি ১১১ কোটি টাকা।
গত ২০২৫-২৬ অর্থবর্ষে যে বাজেট পেশ হয়েছিল, তাতে দেখা গিয়েছিল ঘাটতি ছিল ১১৪ কোটি ৭২ লক্ষ টাকা। যদিও সংশোধিত হয়ে সেই ঘাটতি বেড়ে দাঁড়িয়ে ছিল ১২২ কোটি টাকা। অর্থাৎ মাত্র ৩ কোটি টাকা ঘাটতি কমল। ২০২৬-২৭ অর্থবর্ষে সম্ভাব্য আয় হিসেবে রাখা হয়েছে ৫৭৯১.৪৩ কোটি টাকা এবং ব্যয় ছিল ৫৯০২.৪৩ কোটি টাকা।
ভোটমুখী বাংলায় এই টার্মে সরকারের শেষ বাজেটে বরাদ্দ বেড়েছে লক্ষ্মীর ভাণ্ডারে। হাজার টাকার জায়গায় এবার থেকে মহিলারা পাচ্ছেন ১৫০০ টাকা। অন্যদিকে এদিকে মেয়র হিসাবে ফিরহাদ হাকিমের দ্বিতীয় টার্মের এটাই শেষ পূর্ণাঙ্গ বাজেট। স্বাভাবিকভাবেই নিজের বাজেট বক্তৃতায় লক্ষ্মী ভাণ্ডারকেও তুলে নিয়ে এলেন। কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী বাম-বিজেপি। বিরোধীরা বলছেন, নিকাশি, রাস্তা সহ নাগরিক পরিষেবা বাদ দিয়ে শুধু লক্ষ্মী ভাণ্ডার গুরুত্ব পেল মেয়রের বক্তৃতায়।
অন্যদিকে ফিরহাদ বললেন, প্রায় ৭ লক্ষ ৮৩ হাজার লক্ষ্মী ভাণ্ডার প্রাপক রয়েছে কলকাতায়। যার মধ্যে নতুন ১ লক্ষ ৩০ হাজার মহিলা সম্প্রতি যুক্ত হয়েছেন। কিন্তু, কলকাতা পুরসভার নাগরিক পরিষেবাকে বাদ দিয়ে কেন লক্ষ্মী ভাণ্ডার বেশি প্রাধান্য পেল সেটা নিয়ে প্রশ্ন তুলছেন ৫০ নম্বর ওয়ার্ডের বিজেপি কাউন্সিলর সজল ঘোষ, ৯২ নম্বর ওয়ার্ডের সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেবরা। এর আগে নির্মলার বাজেটকে হাম্পটি-ডাম্পটি বাজেট বলে কটাক্ষ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার পাল্টা রাজ্যের বাজেটকে হাম্পটি-ডাম্পটি বলছে বিরোধী বিজেপি।