বৃদ্ধার লুকে শ্রাবন্তী, কোন ওয়েব সিরিজে দেখা যাবে তাঁকে? – Bengali News | Srabanti Chatterjee is part of a new web series
‘ঠাকুমার ঝুলি’ ওয়েব সিরিজের প্রথম ঝলক সামনে এলো। হইচই-এর ওয়েব সিরিজে শ্রাবন্তীকে দেখা যাচ্ছে গিরিজাবালা সান্যালের চরিত্রে—বিষ্ণুপুরের প্রায় পঁয়ষট্টি বছরের এক তীক্ষ্ণবুদ্ধি নারী হিসেবে। শান্ত, সংযত গিরিজাবালার জীবন গড়ে উঠেছে শৃঙ্খলার ভিতের উপর।
অল্প বয়সে স্বামীহারা এবং পরে একমাত্র পুত্রের মৃত্যুতে বিধ্বস্ত হওয়ার পর তিনি কথা বলার চেয়ে বেশি পর্যবেক্ষণ করতে শিখেছেন—যে স্বভাব তাঁকে মানুষ ও পরিস্থিতি বুঝতে অসাধারণ দক্ষ করে তুলেছে। তাঁর নিঃসঙ্গ জীবনে সঙ্গ দেয় তিন স্থায়ী সাথী—তাঁর প্রিয় বিড়াল হরি, বেলা এবং ফন্টে, যারা তাঁর সংযত জীবনে বৈচিত্র্য যোগ করে।
গল্পের মোড় ঘুরে যায় যখন তাঁর নাতনি যাজ্ঞসেনী, ক্রিমিনাল সাইকোলজির ছাত্রী এবং সান্যাল পরিবারের শেষ জীবিত সদস্য, ভারতে ফিরে আসে তার ঘনিষ্ঠ বন্ধু আম্রপালী সিংহ রায়ের বিয়েতে যোগ দিতে। আম্রপালী প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সদস্য। কিন্তু বিয়ের অনুষ্ঠান চলাকালীন সন্দেহজনক পরিস্থিতিতে আম্রপালীর আকস্মিক মৃত্যু ঘটে। গিরিজাবালাই প্রথম অনুভব করেন যে ঘটনায় কিছু গরমিল রয়েছে।সে এটিকে দুর্ঘটনা বলে মেনে নিতে অস্বীকার করে এবং ঘটনার গভীরে অনুসন্ধানের দাবি তোলেন।
ঠাকুমা ও নাতনি একসঙ্গে সত্য উদ্ঘাটনে নামে। ঠাকুমার লুকে শ্রাবন্তীকে দেখে চমকে গিয়েছেন অনেকেই। পাশপাশি দিব্যাণী আর শ্রাবন্তীর মুখের মিল নিয়েও অনেকে চর্চা করছেন। এর আগে ওয়েব সিরিজে বৃদ্ধার লুকে দেখা গিয়েছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়কে। শ্রাবন্তী অভিনীত এই ওয়েব সিরিজ দর্শকের কতটা নজর কাড়বে, সেটাই দেখা অপেক্ষা। পাশাপাশি টেলিভিশনের জনপ্রিয় মুখ দিব্যাণীর কাজ দেখার অপেক্ষায় রয়েছেন অনুরাগীরা।