Madhyamik Exam 2026: এখনও অবধি টুকলি করতে গিয়ে বাতিল হয়েছে কতজন মাধ্যমিক পরীক্ষার্থীর পরীক্ষা? জানলে চমকে যাবেন – Bengali News | How many secondary school students’ exams were cancelled due to cheating?
বাঁকুড়া: কোনও রকম বেনিয়ম বরদাস্থ হবে না। আগেই জানিয়েছিলেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। চলতি বছরে দেখা যায়, কাগজ নিয়ে নয়, এবার টুকলি করা হচ্ছে এআই টুল ব্যবহার করে। মোবাইল নিয়ে পরীক্ষা দিতে গিয়ে এ যাবৎ রাজ্যে ৩৮ থেকে ৩৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল হয়েছে বলে জানালেন পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি অঙ্কের পরীক্ষার প্রশ্নপত্রে ভুল প্রশ্ন থাকা নিয়ে তৈরি হওয়া বিভ্রান্তিও এদিন উড়িয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি।
মোবাইলে এআই টুল ব্যবহার করে মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে ধরা পড়ার ঘটনা সারা রাজ্যের বিভিন্ন জেলায় ঘটেছে। আজ বাঁকুড়ার বিষ্ণুপুরে একাধিক পরীক্ষাকেন্দ্র পরিদর্শনের পর রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি জানিয়েছেন, সারা রাজ্যে এই ধরনের পরীক্ষার্থীর সংখ্যা ৩৮ থেকে ৩৯ জন। পর্ষদের পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী এই পরীক্ষার্থীদের সকলেরই পরীক্ষা বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি। তবে একই সঙ্গে পর্ষদ সভাপতির দাবি রাজ্যে প্রশ্নপত্র ফাঁস চক্র পুরোপুরি থামানো সম্ভব হয়েছে।
মাধ্যমিকে অঙ্কের প্রশ্নপত্রে ভুল প্রশ্ন থাকার বিষয়ে পরীক্ষার্থীদের একাংশের দাবি এদিন কার্যত উড়িয়ে দিয়েছেন পর্ষদ সভাপতি। তাঁর দাবি প্রশ্নপত্রে ভুল নিয়ে অযথা বিভ্রান্তি তৈরি হয়েছে। প্রশ্নপত্রে ভুল থাকার বিষয়ে বিশেষজ্ঞরা এখনো কিছু জানাননি।