Howrah: ড্রেন থেকে উদ্ধার সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র – Bengali News | Second year student of Surendranath College rescued from drain
হাওড়া: গোলাবাড়ি এলাকায় নর্দমা থেকে যুবকের দেহ উদ্ধার। সোমবার রাতে গোলাবাড়ি থানার ট্যাণ্ডেলবাগান এলাকার একটি নর্দমা থেকে এক যুবকের দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ায়। রাত আটটা নাগাদ নর্দমার মধ্যে ওই যুবকের দেহটিকে পড়ে থাকতে দেখেন বাসিন্দারা। এরপর থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম আমন গুপ্তা (২২)।
জানা গিয়েছে, আমনের বাড়ি মধ্য হাওড়ায়। মৃত যুবক সুরেন্দ্রনাথ কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। পাশাপাশি একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন তিনি। ব্যক্তিগত কিছু কাজে গোলাবাড়ি এলাকায় গিয়েছিলেন তিনি। পুলিশ জানিয়েছে, দেহে কোনও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। পরনের জামা কাপড় সম্পূর্ণ অক্ষত অবস্থায় ছিল।
হাওড়া সিটি পুলিশের এক কর্তা বলেন, দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। মৃত যুবকের দাদা দিলীপ কুমার গুপ্তা বলেন, “ভাইয়ের সঙ্গে কারোর কোনও ঝামেলা ছিল না। কিন্তু মনে হচ্ছে ওকে খুন করা হয়েছে। পুলিশ সঠিক তদন্ত করুক।” যদিও এই ঘটনায় মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত গোলাবাড়ি থানায় কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। তবে দেহটি উদ্ধার করে তদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।