Madhyamik 2026: ‘আমার ছেলেকে ঘরে আটকে রেখে দরজা বন্ধ করে…’, বিশেষভাবে সক্ষম মাধ্যমিক পরীক্ষার্থীর সঙ্গে ঘৃণ্য আচরণ! শরীরে ক্ষত নিয়ে হাসপাতাল থেকে ছুটি নিয়ে পরীক্ষা দিল ‘সাহসী’ – Bengali News | ISF leader accused of beating up Madhyamik student by locking him in his house
বসিরহাট: বাবাকে কটূক্তি করেছিল। তার প্রতিবাদ করেছিল মাধ্যমিক পরীক্ষার্থী। ভয়ঙ্কর অভিজ্ঞতার শিকার হল সে। বাবাকে কটূক্তির প্রতিবাদ করায় আক্রান্ত মাধ্যমিক পরীক্ষার্থী। ৬ ঘণ্টা হাসপাতালে ভর্তি থাকার পর ভোররাতে পরীক্ষা দেওয়ার জন্য হাসপাতাল থেকে ছুটি করে বাড়ি নিয়ে যায় পরিবার। কাঠগড়ায় আইএসএফ নেতা। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ঘটনার পর থেকে পলাতক তিনি। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়া থানার উত্তর শেরপুর এলাকায়। আইএসএফ নেতা হাসানুর সরকারের বিরুদ্ধে অভিযোগ ।
বাদুড়িয়ার যদুরহাটি আদর্শ বিদ্যাপীঠের ছাত্র ওই পরীক্ষার্থী। তার বাবা তৃণমূলের পঞ্চায়েত মেম্বার। রাতে ওই ছাত্র প্রতিবেশী আইএসএফ নেতা হাসানুর সরকারের বাড়ির সামনে দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় ছাত্রের বাবা জামিরুল মণ্ডলকে নিয়ে কটূক্তি করেন আইএসএফ নেতা হাসানুর সরকার । তৎক্ষণাৎ নির্যাতিত ছাত্র তার প্রতিবাদ করে। অভিযোগ, তখনই ওই ছাত্রকে জোর করে ধরে হাসানুর সরকার তার নিজের বাড়ির ভেতরে নিয়ে যায় এবং ঘরে আটকে এলোপাথাড়ি মারধর করেন। চিৎকার চেঁচামেচিতে এলাকার লোক ছুটে এসে উদ্ধার করে আক্রান্ত ছাত্রকে । এবং অসুস্থ ছাত্রকে নিয়ে তার বাবা ও তার প্রতিবেশীরা বাদুড়িয়া গ্রামীণ হাসপাতালে নিয়ে আসে।
ওই ছাত্রকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা শুরু করেন চিকিৎসক। কিন্তু সকালে তার পরীক্ষার যাতে কোন সমস্যা না হয় তাই ৬ ঘন্টা ভর্তি থাকার পর ভোররাতে তার পরিবার তাকে ছুটি করে বাড়িতে নিয়ে যায়। ছাত্রের বাবা এবং তৃণমূল নেতৃত্ব আইএসএফ নেতা হাসানুর সরকারের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছে। ছাত্রের বাবা জামিরুলের এর দাবি, “ISF থেকে পঞ্চায়েত ভোটে জিতে তৃণমূলে যোগ দিয়েছিলাম। সেই রাগেই ছেলেকে মারধর করেছেন আইএসএফ নেতা। সকাল হলেই পরীক্ষা। রাতে যেভাবে ঘরে আটকে আমার ছেলেকে মারধর করেছে, তা দেখার মতো না। ” যদিও এখনও আইএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।