BJP: বাংলায় এবার বিজেপির ইস্তাহার বিজেপি তৈরি করবে না, বড় চমক পদ্ম পার্টির - Bengali News | BJP will take suggestion from people for their election manifesto - 24 Ghanta Bangla News
Home

BJP: বাংলায় এবার বিজেপির ইস্তাহার বিজেপি তৈরি করবে না, বড় চমক পদ্ম পার্টির – Bengali News | BJP will take suggestion from people for their election manifesto

নির্বাচনী সংকল্পপত্র প্রকাশের আগে জনমত সমীক্ষা করবে বিজেপিImage Credit: TV9 Bangla

কৌস্তভ গঙ্গোপাধ্যায়

কলকাতা: কী চাইছেন সাধারণ মানুষ? কী তাঁদের সমস্যা? এবার নির্বাচনী সংকল্পপত্রে মানুষের সেইসব সমস্যা ও চাহিদার কথাই তুলে ধরার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি। সেজন্য বড় পদক্ষেপ করল গেরুয়া শিবির। রাজ্যের কোণায় কোণায় মানুষের কাছে পৌঁছে তাঁদের সমস্যার কথা শোনার উদ্যোগ নেওয়া হল। একইসঙ্গে একটি নম্বরও জানানো হল রাজ্য বিজেপির তরফে। যে নম্বরে ফোন করে যে কেউ নিজের পরামর্শ জানাতে পারবেন। মানুষের সেই সব পরামর্শ গ্রহণ করেই নির্বাচনী সংকল্পপত্র তৈরি করা হবে বলে শনিবার জানালেন রাজ্য বিজেপির সভাপতি শমীক ভট্টাচার্য।  

বাংলায় বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। নির্বাচনে যেকোনও রাজনৈতিক দলের কাছে নির্বাচনী ইস্তাহার খুবই গুরুত্বপূর্ণ। যদি তারা ক্ষমতায় আসে, তাহলে আগামী পাঁচ বছর কী কী কাজ করবে, ইস্তাহারে তা তুলে ধরে রাজনৈতিক দলগুলি। আর সেই ইস্তাহার তৈরি করতে গিয়েই মানুষের কাছে পৌঁছে যাওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য বিজেপি।

এদিন সাংবাদিক বৈঠকে শমীক ভট্টাচার্য বলেন, “এই সরকারের হাত থেকে পশ্চিমবঙ্গবাসীর মুক্তি যখন নিশ্চিত, তখন আপনারাও আপনাদের পরামর্শ দিন। আজ থেকে আগামী ১৮ তারিখ পর্যন্ত পরামর্শ দেওয়ার জন্য রাজ্যের ১০০০টি জায়গায় ড্রপ বক্স থাকবে। শুধু ড্রপ বক্স নয়, একটা টোল ফ্রি নম্বর থাকছে। নম্বরটি হল ৯৭২৭২৯৪২৯৪। এছাড়া মেইল আইডি থাকছে। কিউআর কোড স্ক্যান করে বিজেপির ওয়েবসাইটে গিয়ে পরামর্শ জানানো যাবে। আমাদের লক্ষ্য হচ্ছে, সমাজের সর্বস্তরের মানুষ। পশ্চিমবঙ্গে ভারী শিল্প আনতে হলে, শিল্পবান্ধব রাজ্যের জন্য কী করতে হবে, তার পরামর্শ চাইছি শিল্পপতিদের কাছ থেকে। ১০ হাজার চিঠি লিখছি সমাজের বিভিন্ন ক্ষেত্রের মানুষকে। আশা করছি, ফেব্রুয়ারির মাসের শেষে সংকল্পপত্র নিয়ে মানুষের কাছে যাব।”

তিনি আরও বলেন, “অতীতে বাংলায় দেখা গিয়েছে, ইস্তাহার নির্বাচনের শেষ মুহূর্ত প্রকাশ হত। দলের কয়েকজন মুষ্টিমেয় এই ইস্তাহার করে।” কোনও দলের সরকার না হয়ে, যাতে মানুষের সরকার হয়, সেজন্য সংকল্প পত্রে মানুষের পরামর্শ নেওয়া হচ্ছে বলে শমীক জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *