Madhyamik Exam: পরীক্ষার হল থেকে বেরিয়েই ভয়াবহ দুর্ঘটনার মুখে ৬ মাধ্যমিক পরীক্ষার্থী – Bengali News | Horrific accident occurred on the way back from the secondary school examination; two motorcycles collided with a tree
হাওড়া: সবে শেষ হয়েছিল পরীক্ষা। কিন্তু জানতো বাড়ি ফেরার পথেই ওৎ পেতে বসে আছে বিপদ। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে বড়সড় দুর্ঘটনার কবলে পড়ল ৬ জন পরীক্ষার্থী। শুক্রবার ছিল ইতিহাসের পরীক্ষা। পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার পথে হাওড়ার জগৎবল্লভপুরের হাঁটাল এলাকায় ঘটে যায় এই মর্মান্তিক পথ দুর্ঘটনা। এলাকার বাসিন্দারাই প্রথমে উদ্ধার কাজে হাত লাগান।আহতদের মধ্যে একজনের অবস্থা রীতিমতো আশঙ্কাজনক বলে জানা যাচ্ছে। তাকে ইতিমধ্যেই কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।
আহত ৬ ছাত্রই বরগাছিয়া প্রিয়নাথ স্কুলের ছাত্র। মাধ্যমিকে তাঁদের সিট পড়েছিল হাঁটাল বিশালাক্ষ্মী হাইস্কুলে। পরীক্ষা শেষে ৬ জনে দু’টি বাইকে চড়ে বাড়ি ফিরছিল। কিন্তু হাঁটাল এলাকায় ঘটে যায় বিপত্তি। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে একটি বাইক। তখনই রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে। পিছনেই আসছিল অন্য বাইকটি। সেটিও টাল সামলাতে না পেরে অন্যটির উপর আছড়ে পড়ে। বিকট শব্দে শোরগোল পড়ে যায় এলাকায়। ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা।
স্থানীয় বাসিন্দারাই রক্তাক্ত অবস্থায় ৬ ছাত্রকে উদ্ধার করে দ্রুত জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান। যদিও ৫ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেন চিকিৎসকরা। কিন্তু একজনের পরিস্থিতির অবনতি হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়েছে। অন্যদিকে খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। বাইকের গতি বেশি থাকার কারণেই এই দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। একইসঙ্গে নাবালক হওয়ার পরে তাদের হাতে বাইক কী করে এল তাও তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় স্বভাবতই চাঞ্চল্য ছড়িয়েছে দুই স্কুলেই।