Madhyamik 2026: মাধ্যমিক চলাকালীনই স্কুল পরিদর্শকের সঙ্গে ঘৃণ্য কাজ! প্রকাশ্যে আসতেই খেসারত দিলেন প্রধান শিক্ষক – Bengali News | School inspector accused of harassment, 8 teachers including headmaster suspended
স্কুলে বিশৃঙ্খল পরিস্থিতিImage Credit: TV9 Bangla
বর্ধমান: স্কুল পরিদর্শককে হেনস্থা ও মারধরের ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক-সহ ৮ জনকে সাসপেন্ড করলেন জেলা স্কুল পরিদর্শক। পূর্ব বর্ধমানের জামালপুরের আঝাপুর উচ্চ বিদ্যালয়ে মঙ্গলবার মাধ্যমিক পরীক্ষা চলাকালীন পরিদর্শনে গিয়ে এক কেরানির কাছ থেকে মোবাইল ফোন পাওয়ার ঘটনার প্রতিবাদ করায় স্কুলের মধ্যেই শিক্ষকদের হাতে প্রহৃত হন স্কুল পরিদর্শক।
আহত অবস্থায় জামালপুর পূর্ব চক্রের স্কুল পরিদর্শক তথা পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত আধিকারিক প্রশান্ত কবিরাজকে প্রথমে জামালপুরের একটি বেসরকারি হাসপাতালে ও পরে বর্ধমানের অনাময় হাসপাতালে ভর্তি করা হয়। স্কুল পরিদর্শক পুলিশের কাছে লিখিত অভিযোগে জানিয়েছেন, মঙ্গলবার পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় প্রধান শিক্ষকের পাশের ঘর থেকে মোবাইল বেজে ওঠে। পর্ষদের নিয়ম না মেনে কেন শিক্ষক বা শিক্ষা কর্মী ফোন নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছেন, এ নিয়ে প্রধান শিক্ষককের কাছে কৈফিয়ত চাইতেই স্কুলের সাত আটজন শিক্ষক তাঁর উপর ঝাঁপিয়ে পড়েন বলে অভিযোগ। তাঁকে মারধর করা হয়। গালিগালাজ করা হয়। বাজেয়াপ্ত করা মোবাইলটি কেড়ে নেওয়া হয়।
তাঁকে ঘরে আটকে রাখার চেষ্টারও অভিযোগ ওঠে। প্রধান শিক্ষকের সামনেই এই ঘটনা ঘটে বলে লিখিত অভিযোগে জানিয়েছেন তিনি। পুলিশ তাঁকে উদ্ধার করে নিয়ে যায়।
নজির বিহীন এই ঘটনায় হতবাক হয়ে যান অভিভাবক এবং পরীক্ষার্থীরা। তবে এই ঘটনায় পরীক্ষার কোনও ব্যাঘাত হয়নি বলে দাবি স্কুল কর্তৃপক্ষের। ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক এবং এক কেরানি-সহ আটজনকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন জেলা স্কুল পরিদর্শক দেবব্রত পাল।