সৌরভের সঞ্চালনায় বিগ বস কবে থেকে দেখা যাবে? - Bengali News | Big Boss bangla to return in November - 24 Ghanta Bangla News
Home

সৌরভের সঞ্চালনায় বিগ বস কবে থেকে দেখা যাবে? – Bengali News | Big Boss bangla to return in November

Spread the love

দাদাগিরি-র সঞ্চালকের পদ ছেড়ে দিয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। সেই খবর যখন ছড়িয়ে পড়ে, তারপরই প্রশ্ন উঠেছিল, কেন? শোনা যায় বিরাট অঙ্কের পারিশ্রমিকের পরিবর্তে তিনি বিরোধী চ্যানেলে বিগ বস সঞ্চালনা করবেন। বিগ বস ছাড়াও আরও একটি শোয়ের সঞ্চালক হিসাবে দেখা যেতে পারে সৌরভকে, এমন খবর ছিল। ২০২৬-এর মার্চে এই শো দেখতে পাওয়া যাবে, এমনটা আশা করেছিলেন দাদার অনুরাগীরা।

তবে সেই আশায় জল। এবার খবর ছড়িয়ে পড়েছে যে, নভেম্বর মাসে নাকি স্টার জলসা চ্যানেলে দেখা যাবে এই শো। কিন্তু চ্যানেলের তরফে কোনও ঘোষণা নেই। বিগ বস যখন দেখানো হয়, তার অন্তত ছ’ মাস আগে থেকে প্রতিযোগী বাছাইয়ের পর্ব শুরু হয়ে যায়। বিগ বস-এর বাড়িতে বন্দি হয়ে থাকার কাজটা মোটেই সহজ নয় তারকাদের জন্য। টলিপাড়ার অন্দরে এটাও চর্চা, কিছু নাম নাকি ভেবে ফেলা হয়েছে। তবে কে-কে থাকবেন, তা নিশ্চিত হতে অনেকটা সময় লাগবে। বহু কাঁটাছেড়ার পর এই ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

দাদাগিরি দেখা যেত জি বাংলা চ্যানেলে। এদিকে স্টার জলসায় এই মুহূর্তে কোনও নন-ফিকশন শো দেখা যাচ্ছে না। জি বাংলায় প্রাইম টাইমে দেখানো হয় সা রে গা মা পা আর ডান্স বাংলা ডান্স। এর সঙ্গে নতুন কোনও নন-ফিকশন যোগ হবে কিনা, সেটা দেখার অপেক্ষা। লক্ষণীয় বাংলায় বিগ বস এর আগে হয়েছে। তবে সেটা ২০১৬ সাল। বিক্রম চট্টোপাধ্যায়, সুদীপ্তা চক্রবর্তী, শিলাজিত্‍ মজুমদারের মতো বিভিন্ন মুখ তখন প্রতিযোগী ছিলেন। এবার কারা প্রতিযোগী হবেন, তা নিয়ে উত্‍সাহ রয়েছে চূড়ান্ত পর্যায়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *