অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়ালেন আমির খান, পাশে দাঁড়িয়ে কী করলেন গায়ক? - Bengali News | Aamir khan enjoyed kite flying at arijit singh house - 24 Ghanta Bangla News
Home

অরিজিতের বাড়ির ছাদে ঘুড়ি ওড়ালেন আমির খান, পাশে দাঁড়িয়ে কী করলেন গায়ক? – Bengali News | Aamir khan enjoyed kite flying at arijit singh house

Spread the love

নাহ, অরিজিৎ সিংয়ের জিয়াগঞ্জের বাড়িতে পা দিতেই আমির আর সেই বলিউডের নায়ক রইলেন না। বরং হয়ে গেলেন ঘরের ছেলে। অরিজিৎ সিংয়ের বাড়ির ছাদে উঠে, হাতে লাটাই, ঘুড়ি উড়িয়ে বিকেলটা কাটালেন আমির। পাশে অবশ্যই ছিলেন অরিজিৎ। আমিরের পাশে দাঁড়িয়েই প্রতিবেশীর বাচ্চা ছেলেকে তবলা শেখার কথা বলছিলেন জিয়াগঞ্জের সোমু। হ্য়াঁ, সোমবারে গোটা জিয়াগঞ্জ দেখলে আমির ও অরিজিতের এমন যুগলবন্দি।

রবিবার রাতে কলকাতায় পা দিয়েই সোজা মুর্শিদাবাদে ছুটে ছিলেন আমির খান। সোমবার সকালে পৌঁছে গিয়েছিলেন অরিজিতের বাড়ি উত্তরায়ণে। সারাদিন ছিলেন সেখানেই। দুপুরের খাওয়া-দাওয়া সেরেছেন অরিজতের বাড়িতেই। তারপর এক ফাঁকে ছাদে উঠে ঘুড়ি ওড়ানোর আনন্দে মেতে উঠলেন বলিউডের লাল সিং চাড্ডা।

গত সপ্তাহে সমাজমাধ্যমে প্লেব্যাক থেকে অবসরের সিদ্ধান্ত জানিয়ে সঙ্গীতজগতে ভূমিকম্প ঘটিয়ে দিয়েছিলেন অরিজিৎ সিং। লবি রাজনীতি না কি প্রত্যক্ষ রাজনীতিতে যোগ— অরিজিতের এই সিদ্ধান্তের পেছনে কারণ কী, তা নিয়ে যখন হাজারো তত্ত্ব ঘুরপাক খাচ্ছে, ঠিক তখনই সরাসরি অরিজিতের দরজায় কড়া নাড়লেন আমির খান।

সূত্রের খবর, রবিবার রাতেই কড়া নিরাপত্তার মধ্যে কলকাতায় পা রাখেন আমির খান। সেখান থেকে কোনো প্রচার ছাড়াই সোজা সড়কপথে পৌঁছে যান মুর্শিদাবাদের জিয়াগঞ্জে। অরিজিতের বাড়িতে তাঁদের এই সাক্ষাৎকে ঘিরে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। যদিও দুই তারকার পক্ষ থেকেই এই বৈঠক নিয়ে মুখে কুলুপ আঁটা হয়েছে, তবে ওয়াকিবহাল মহলের ধারণা, অরিজিতের মতো একজন বিরল প্রতিভাকে পুনরায় রেকর্ডিং স্টুডিওতে ফিরিয়ে আনতেই এই ঝটিকা সফর আমিরের।

আমির খান এবং অরিজিৎ সিংয়ের সম্পর্কের গভীরতা নতুন কিছু নয়। ‘দঙ্গল’ ছবির সময় থেকেই তাঁদের বন্ধুত্বের শুরু। আমিরের ছবিতে অরিজিতের গাওয়া ‘গিলহরিয়াঁ’ বা ‘তেরে হাওয়ালে’-র মতো গানগুলি চিরকালীন জনপ্রিয়তা পেয়েছে। শোনা যায়, আমির তাঁর ছবির গানের ব্যাপারে অরিজিতের ওপর অন্ধবিশ্বাস রাখেন। দাবার প্রতি ভালোবাসা এবং সমাজসেবার মানসিকতাও এই দুই প্রচারবিমুখ তারকাকে কাছাকাছি এনেছে।

শোনা যাচ্ছিল, আমিরের পরবর্তী বড় প্রজেক্টে অরিজিতের একটি বিশেষ গান গাওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই অবসরের ঘোষণা সব হিসাব ওলটপালট করে দেয়। ইন্ডাস্ট্রির একটি সূত্রের দাবি: “আমির খান বিশ্বাস করেন অরিজিতের এখনও অনেক কিছু দেওয়ার বাকি আছে। সম্ভবত সেই কারণেই ব্যক্তিগত উদ্যোগে তিনি মুর্শিদাবাদে গিয়েছেন অরিজিতের মান ভাঙাতে এবং নতুন প্রজেক্ট নিয়ে আলোচনা করতে।”

এখন প্রশ্ন হলো, খোদ আমির খানের অনুরোধ কি ফেরাতে পারবেন জিয়াগঞ্জের ভূমিপুত্র? নাকি এই সাক্ষাতের পেছনে লুকিয়ে আছে আরও বড় কোনো চমক? উত্তর পেতে আপাতত চাতক পাখির মতো চেয়ে আছেন লক্ষ লক্ষ অনুরাগী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *