Toyota Urban Cruiser Ebella: ১৫ লাখের ইভি, রেঞ্জ প্রায় ৫৫০ কিলোমিটার, এবার রাস্তা কাঁপাবে টয়োটার এই গাড়ি! – Bengali News | Toyota Urban Cruiser Ebella: A 15 lakh rupee EV with a range of approximately 550 kilometers, this Toyota car is set to make a splash on the roads!
টয়োটার গাড়ি মানেই নির্ভরযোগ্যতা। আমরা টয়োটার এমন একাধিক গাড়ির কথা শুনেছি যে লক্ষ লক্ষ কিলোমিটার চলেও কোনও সমস্যা দেখা যায়নি। আর এবার সেই টয়োটা নিয়ে এল তাদের ইলেকট্রিক আর্বান ক্রুজার। নাম আর্বান ক্রুজার ইবেলা। গত ২০ জানুয়ারি প্রকাশ্যে নিয়ে আসা হয় আর্বান ক্রুজারের নতুন এই ভার্সনটিকে। টয়োটা সূত্রে খবর, এই ফেব্রুয়ারিতেই লঞ্চ করা হবে এই গাড়িটি।
টয়োটার নতুন এই গাড়িটি ৩টি ভ্যারিয়েন্টে বাজারে আসছে। ই১, ই২ ও ই৩; এই তিনটি ভ্যারিয়েন্টের মধ্যে ই১ ভ্যারিয়েন্টের এআরএআই রেঞ্জ ৪৪০ কিলোমিটার ও ব্যাটারি ক্যাপাসিটি ৪৯ কিলোওয়াট আওয়ার। এ ছাড়াও ই২ ও ই৩ ভ্যারিয়েন্টের এআরএআই রেঞ্জ ৫৪৩ কিলোমিটার। এই ভ্যারিয়েন্ট দুটির ব্যাটারি ক্যাপাসিটি ৬১ কিলোওয়াট আওয়ার।
সুরক্ষার জন্য এই গাড়িতে রয়েছে ADAS লেভেল ২। এ ছাড়াও এই গাড়ি সাপোর্ট করে ডিসি ফাস্ট চার্জিং। মাত্র ৪৫ মিনিটে ১০ থেকে ৮০ শতাংশ চার্জ হয়ে যাবে এই গাড়ি। কিন্তু এই গাড়ির দাম কত?
গাড়ির খবরাখবর রাখে এমন এক ওয়াবসাইট সূত্রে খবর, ই১ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম হতে পারে ১৫ লক্ষ ৭৯ হাজার টাকা ও অন রোড দাম হতে পারে ১৬ লক্ষ ৮১ হাজারের মতো। ই২ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম হতে পারে ১৭ লক্ষ ৩৪ হাজার টাকা। আবার ই৩ ভ্যারিয়েন্টের এক্স শোরুম দাম হতে পারে ১৯ লক্ষ ১৪ হাজার টাকা। অন রোড দামের ক্ষেত্রে যা সর্বোচ্চ ২০ লক্ষ ৪৯ হাজারে ঠেকে যেতে পারে।