Banga Bhawan: বঙ্গ ভবনের পাহারার জন্য বাংলা থেকে পুলিশ গেল দিল্লি – Bengali News | 22 police personnel is going to Delhi for security of Banga Bhawan
বঙ্গ ভবনের ভিতরে পাহারার জন্য দিল্লি যাচ্ছে বাংলার পুলিশ Image Credit: TV9 Bangla
কলকাতা ও নয়াদিল্লি: এসআইআর আবহে কেন্দ্র-রাজ্য সংঘাত আরও তুঙ্গে। এবার বঙ্গ ভবনের নিরাপত্তায় বাংলা থেকে পুলিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হল। ইতিমধ্যে ২২ জন পুলিশকর্মীর বিশেষ দল দিল্লির উদ্দেশে রওনা দিয়েছে। বঙ্গ ভবনের ভিতরে পাহারায় মোতায়েন থাকবেন এই পুলিশকর্মীরা। বঙ্গ ভবনের বাইরে এদিন দিল্লি পুলিশের আনাগোনার পর রাজ্যের এই সিদ্ধান্ত যথেষ্ট তাৎপর্যপূর্ণ।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফরের সময়ই সোমবার সকালে আচমকা এক নজিরবিহীন ছবি দেখা গিয়েছিল বঙ্গ ভবনের সামনে। কার্যত ঘিরে ফেলা হয় বঙ্গ ভবন। ব্যারিকেড করে হ্যালি রোড বন্ধ করে দেওয়া হয়। তা নিয়ে সকাল থেকে চাপানউতোর বাড়ে।
বঙ্গ ভবনের তিনটি পার্ট রয়েছে। যেখানে এই রাজ্যের সাধারণ মানুষ গিয়ে উঠতে পারেন, সেখানে তৃণমূলের প্রতিনিধি দলের সঙ্গে যাওয়া এসআইআর-এ ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে রাখা হয়েছিল। মুখ্যমন্ত্রী বঙ্গ ভবনের অন্য পার্টে ছিলেন। এদিন দিল্লি পুলিশ ওই সাধারণ পরিবারগুলি যেখানে ছিলেন, তার বাইরে ব্যারিকেড দিতে শুরু করে বলে অভিযোগ। খবর পেয়ে সেখানে পৌঁছে যান মমতা। বঙ্গ ভবনের ভিতরে কী করে দিল্লির পুলিশ ঢুকেছে, সেই প্রশ্ন তোলেন তিনি। জানান, বঙ্গ ভবনের ভিতরের নিরাপত্তার দায়িত্ব বাংলার। তারপরই বঙ্গ ভবনের ভিতরের নিরাপত্তার জন্য বাংলা থেকে পুলিশের বিশেষ দল নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গিয়েছে। এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর সঙ্গে দিল্লিতে রয়েছেন রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজি পীযূষ পাণ্ডে।
তবে মুখ্যমন্ত্রীর অভিযোগের পর দিল্লি পুলিশের তরফে এদিন জানানো হয়, বঙ্গ ভবনের ভেতরে দিল্লি পুলিশ ঢোকেনি। নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতেই দিল্লির একাধিক জায়গায় পুলিশ মোতায়েন করা হচ্ছে। সবমিলিয়ে এসআইআর আবহের মধ্যেই বঙ্গ ভবনের সামনে দিল্লি পুলিশের তৎপরতাকে ঘিরে এবার নতুন করে সংঘাতের পথে রাজ্য ও কেন্দ্র।