Anandapur Fire: এখনও হাতে শাখা, কপালে সিঁদুর! সৌমিত্রর অপেক্ষায় আজও বসে রিঙ্কু – Bengali News | Anandapur fire: Still holding a branch in her hand and vermilion on her forehead, Rinku is still waiting for her husband
সৌমিত্রর স্ত্রী রিঙ্কুImage Credit: TV9 Bangla
কলকাতা: মাথায় সিঁদুর হাতে শাখা,আনন্দপুর কাণ্ডের ৮ দিন পেরোলেও বুদ্ধদেব সৌমিত্রদের অপেক্ষায় তাঁদের পরিবার! এখনও প্রশাসন খবর দেয়নি! নিজের উপার্জন থেকে ২ পরিবারকে ৫০ হাজার টাকার চেক তুলে দিলেন ময়নার বিজেপি নেতা। ময়নার বুদ্ধদেব জানা,সৌমিত্র মন্ডলরা এখনও ফেরেনি বাড়ি। বাড়ির লোক এখনও চোখের জল নিয়ে আশায় বসে। যদি বাড়ির ছেলে বাড়ি ফেরে। আনন্দপুরের অগ্নিকাণ্ডের কিছু পূর্বেই বুদ্ধদেব জানা বাড়িতে ফোন করে জানিয়েছিলেন, সোমবার বাড়ি ফিরবেন, কিন্তু আনন্দপুরের বিধ্বংসী আগুন সব আনন্দ কেড়ে নিয়েছে পরিবারের।বাড়ির ছেলে বাড়ি ফেরেনি।
সৌমিত্র মণ্ডলের স্ত্রী আজও হাতে শাখা পলা মাথায় সিঁদুর দিয়ে রেখেছেন. এই বিশ্বাসে তাঁর স্বামী ফিরবেন। ইতিমধ্যেই ডিএনএ স্যাম্পল দিয়ে এসেছে পরিবার। মুখ্যমন্ত্রী আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দিয়েছেন। ময়নার বিজেপি নেতা চন্দন মন্ডল আজ ময়নার দুই পরিবারকে নিজের উপার্জিত অর্থ থেকে ৫০ হাজার টাকার চেক তুলে দেন।এতদিন পর আদৌ আর বাড়ি ফিরবে বুদ্ধদেব,সৌমিত্র? প্রশ্ন পরিবারের!
সৌমিত্রর স্ত্রী রিঙ্কু বললেন, “রবিবার রাত সাড়ে ৮টায় আমাদের শেষ কথা হয়েছে। রবিবার বিকালে আসার কথা ছিল। কিন্তু কাজ ছাড়তে পারেনি বলে আর এল না।”
আনন্দপুর অগ্নিকাণ্ডে ২৭ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ডেকরেটার্সের গোডাউনে থাকা একাধিক কর্মী দগ্ধ হয়ে মারা গিয়েছেন ঘুমের মধ্যেই। তাঁদের দেহ পুড়ে কাঠকয়লার মতো হয়ে গিয়েছে। তাঁদের অনেকেরই এখনও শনাক্তকরণ সম্ভব হয়নি। রিঙ্কু এখনও আশায় রয়েছেন হয়তো তাঁর স্বামী ফিরে আসবেন।
বিজেপি নেতা, “রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিকতার খাতিরে ওঁদের পাশে এসে দাঁড়াই। আমার ব্যবসা রয়েছে। সেখান থেকেই যা টাকা আসে, তাতে আমি অনেক সামাজিক কাজই করে থাকি। এই মানুষগুলোর পাশে দাঁড়ানো উচিত।”