Union Budget: কলকাতা মেট্রো প্রকল্পে কোথায় কত বরাদ্দ করলেন নির্মলা? জেনে নিন… – Bengali News | Several crores allocated in Union Budget for Kolkata Metro projects
কলকাতা: কলকাতায় মেট্রো সম্প্রসারণের কাজ চলছে। শহরতলির সঙ্গে কলকাতাকে মেট্রো রেলের মাধ্যমে জোড়ার কাজে গতি আনতে কেন্দ্রীয় বাজেটে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। কলকাতা মেট্রোর বিভিন্ন লাইনে সম্প্রসারণের কাজের জন্য কোটি কোটি টাকা বরাদ্দ করা হল বাজেটে। কোন লাইনে কত বরাদ্দ করা হল, জেনে নিন।
পার্পল লাইন-
জোকা থেকে মাঝেরহাটের মধ্যে মেট্রো পরিষেবা চলছে। মূল প্রকল্প, জোকা থেকে এসপ্ল্যানেড হয়ে ইডেন গার্ডেন্স। বর্তমানে মাঝেরহাট থেকে এসপ্ল্যানেড পর্যন্ত মাটির নিচে এবং মাটির উপরে কাজ চলছে জোরকদমে। মাটির নিচে প্রবেশ করানো হয়েছে টানেল বোরিং মেশিন। রবিবার কেন্দ্রীয় বাজেটে পার্পল লাইনের জন্য ৯০৬.৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
অরেঞ্জ লাইন-
কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে বেলেঘাটা পর্যন্ত মেট্রো পরিষেবা বর্তমানে চালু রয়েছে। মূল প্রকল্প, কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে কলকাতা বিমানবন্দর (জয়হিন্দ) মেট্রো স্টেশন পর্যন্ত। বর্তমানে কলকাতা পুলিশের টালবাহানায় চিংড়িঘাটায় কাজ বন্ধ। এছাড়াও সেক্টর ফাইভের পরে একাধিক অংশে জমি জটিলতায় কাজের গতি ধীর। অরেঞ্জ লাইনের জন্য কেন্দ্রীয় বাজেটে ৭০৫.৫০ কোটি টাকা বরাদ্দ করেছেন নির্মলা সীতারমন।
গ্রিন লাইন-
হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো পরিষেবা চালু রয়েছে। কলকাতা মেট্রোর গ্রিন লাইনের জন্য বাজেটে ৫২৯ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।
ইয়েলো লাইন-
নোয়াপাড়া থেকে কলকাতা বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন পর্যন্ত পরিষেবা চালু রয়েছে। মূল প্রকল্প, কলকাতা বিমানবন্দর বা জয়হিন্দ মেট্রো স্টেশন থেকে বারাসত পর্যন্ত। বর্তমানে জমি জটিলতার জেরে কলকাতা বিমানবন্দরের পরে একাধিক অংশে মেট্রো প্রকল্পের কাজ ধীরগতিতে এগোচ্ছে। ইয়েলো লাইনে কাজের জন্য টাকা বরাদ্দ হয়েছে। তবে সেটা নির্দিষ্ট করে জানানো হয়নি। মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশনের জন্য বরাদ্দ হওয়া ২৮৮৫ কোটি টাকার মধ্যে একটা অংশ এই ইয়েলো লাইনের কাজে ব্যবহার হবে।