Mamata Banerjee: একটি সম্প্রদায়ের ৩০ শতাংশ মানুষ কিছু হলেই রাস্তায় বসে পড়বে, প্রাণ ওষ্ঠাগত করে দেবে: মমতা – Bengali News | If anything happens, 30 percent of people in a community will sit on the streets: Mamata Banerjee
কলকাতা: ‘বাংলায় কেউ কেউ অশান্তি ছড়াতে চায়, সতর্ক থাকুন।’ ওয়াটগঞ্জের দইঘাটে নতুন শ্মশানের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের পর প্রশাসনিক কর্তাদের পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তাঁদের এক গুচ্ছ নির্দেশও দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেন, “বাংলায় কেউ কেউ অশান্তি ছড়াতে চাইছেন। সতর্ক থাকতে হবে। ভোটের স্বার্থে কেউ কেউ অশান্তি ছড়াতে চায়, বাংলা শান্তি চায়। সবাই মাথা ঠান্ডা রেখে কাজ করুন।”
মুখ্যমন্ত্রী বলেন, “যদি আমাদের ৩০ শতাংশ অন্য কোনও কমিউনিটির লোক হয়, আমরা ঝগড়া করি তো, রোজ রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাবে। আমার প্রাণ ওষ্ঠাগত করে দেবে, টিকতে দেবে না। এরকম ২৬ শতাংশ আমাদের তফশিলি জাতিও রয়েছে, ৬ শতাংশ আদিবাসীও রয়েছে। আদিবাসীদের ওপর একটা ছোট্ট কিছু হলেই, ট্রেন অবরোধ করে দেবে। উঠতে চায় না। আমি তো এরকমটা চায় না। আমি তো চাই, সবাই সবার মতো শান্তিতে থাকুক। কেউ কারোর বিষয়ে নাক গলাবে না।”
এই কথা প্রসঙ্গেই তিনি বলেন, “ভোটের জন্য কেউ অশান্তি ছড়াতে চায়। কিন্তু আমাকে তো ৩৬৫ দিন থাকতে হয়। এই জন্য আপনারা শান্তিতে থাকবেন, পরিবার শান্তিতে থাকবে, চিন্তার কোনও দরকার নেই। ঠান্ডা মাথায় কাজ করুন।”
মুখ্যমন্ত্রীর এই বক্তব্য প্রসঙ্গে সিপিএম নেতা কলতান দাশগুপ্ত বলেন, “পুলিশ প্রশাসন যদি তৃণমূলকে দেখলে টেবিলের তলায় লুকিয়ে পড়ে, তাহলে কারা অশান্তি তৈরির চেষ্টা থামাবে? বিজেপি নেতারা যদি পাড়ায় পাড়ায় ধর্ম-জাতের রাজনীতি তৈরি করতে প্রস্তুত থাকে আর তাতে তৃণমূল নেতারা জড়িত থাকে, কে কাকে থামাবে?”