Bhangar: ভাঙড়ে তৃণমূল নেতার কোটি টাকার সরস্বতী পুজো! শওকত বললেন, ‘মন থাকলে করা যায়!’ – Bengali News | Bhangar Trinamool leader spends crores on Saraswati Puja, politics is at its peak
ভাঙড়ে তৃণমূল নেতার কোটি টাকার সরস্বতী পুজোImage Credit: TV9 Bangla
দক্ষিণ ২৪ পরগনা: ভাঙড়ে তৃণমূল নেতার কোটি টাকার সরস্বতী পূজা! বিজেপির অন্তত এমনটাই দাবি। আহারে বাহারে এবং আপ্যায়নে যে কোন দুর্গাপূজাকে হার মানাবে ভাঙড়ের সরস্বতী পূজা। ভাঙড়ের কুলবেড়িয়া মা কালী সঙ্ঘের এবছরের সরস্বতী পূজা এবার ২৬ বছর। প্যাণ্ডেল বুদ্ধ মন্দিরের আদলে নির্মিত।
মণ্ডপ, প্রতিমা, আলোকসজ্জায় নজর কেড়েছে এই পূজা। যার জন্য খরচও বিস্তর।শুধু তাই নয়, পুজোর জমকালো উদ্বোধনেই খরচ লক্ষ লক্ষ টাকা। মঞ্চ, লাইট, বাজি প্রদর্শন, অতিথি বরণ সবকিছুতেই চমকের পর চমক। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা, রাজারহাটের বিধায়ক তাপস চট্টোপাধ্যায়, প্রধান- উপপ্রধান, রাজনৈতিক নেতৃত্ব-সহ প্রায় জনা পঞ্চাশ।
যেখানে অতিথি বরণ হিসাবে দেওয়া হয়েছে রূপোর কলম, বাঁধানো ছবি, মোয়ার হাড়ি-সহ নানান শওকত। এছাড়া কয়েকহাজার মানুষের কম্বল, শাড়ি বাচ্ছাদের গিফট! কী নেই আয়োজনে। প্রত্যেকদিন নানান সাংস্কৃতিক অনুষ্ঠান।
খরচ ঢের! টাকা আসছে কোথা থেকে?
পূজা উদ্যোক্তা প্রশ্ন শুনে সহাস্যে উত্তর, “ভালবেসে সকলে দিয়েছে। চাঁদা তুলে পুজো করেছি।” তবে কি চাঁদা তুলে এত বড় পূজা? শওকত মোল্লার সাফাই, “মন থাকলে করা যায়! এটার একটা মন চাই। এখানে অনেকেই গরিব। কিন্তু তাঁদের মন রয়েছে। তাঁদের লক্ষ্য পূরণের জন্য প্রচুর খাটে। পুজো উদ্যোক্তাদের মানসিকতা আর চেষ্টাকে স্যালুট করি।”
স্বাভাবিকভাবেই দূরে থাকেনি রাজনীতি। এলাকার বিজেপি নেতা অবনী মণ্ডল বললেন, “পুজোর যা আয়োজন করা হয়েছে, কোটি টাকার কম নয়। প্রশ্ন হচ্ছে টাকা কোথা থেকে এল? এটাই তো তৃণমূলের কালচার। সরস্বতী পুজোর যা প্যান্ডেল, যা গিফট দেওয়া হচ্ছে, কোথা থেকে টাকা পেল? সেই উৎসটা বলুক।”