PM Modi: সিঙ্গুরে টাটাদের কারখানা নিয়ে ‘নীরব’ মোদী, প্রশ্ন উঠতেই সুকান্ত বললেন… – Bengali News | Why does PM Narendra Modi not utter Singur Tata factory issue from Singur rally? BJP says…
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit: TV9 Bangla
হুগলি: সিঙ্গুরে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যেদিন বিজেপি এই সিদ্ধান্ত নিয়েছে, সেদিন থেকেই আলোচনা বাড়ছিল। তাহলে কি সিঙ্গুর থেকে টাটাদের কারখানা চলে যাওয়া নিয়ে তৃণমূলকে নিশানা করবেন মোদী? রাজ্য বিজেপি নেতাদের একের পর এক মন্তব্যে সেই জল্পনা আরও বাড়ছিল। সিঙ্গুরে টাটাদের কারখানা তাঁরা ফিরিয়ে আনবেন বলে দাবি করেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীরা। ফলে রবিবার সিঙ্গুরে টাটাদের জমিতে (এই নামেই এখন পরিচিত এলাকাবাসীর কাছে) সভা থেকে মোদী কী বলেন, সেদিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। কিন্তু, নিজের ৩৬ মিনিটের ভাষণে সিঙ্গুর থেকে টাটাদের কারখানা চলে যাওয়া নিয়ে একটা কথাও বললেন না মোদী। তাঁর বক্তব্য শেষ হওয়ার পরই এই নিয়ে আলোচনা শুরু হয়। তৃণমূল ও বিজেপিকে খোঁচা দেয় বাম ও কংগ্রেস। গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূলও। তারপরই আসরে নেমে রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার যুক্তি দিলেন, কেন টাটা কারখানা নিয়ে কোনও মন্তব্য করেননি প্রধানমন্ত্রী মোদী।
২০০৮ সালের ৩ অক্টোবর রতন টাটা ঘোষণা করেছিলেন, সিঙ্গুরে টাটাদের কারখানা থাকবে না। টাটাদের সেই ন্যানো কারখানা উঠে যায় গুজরাটের সানন্দে। তাৎপর্যপূর্ণভাবে সেইসময় গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন স্বয়ং নরেন্দ্র মোদী। ফলে এদিন প্রধানমন্ত্রী সিঙ্গুরের সভা থেকে টাটাদের কারখানা নিয়ে তৃণমূলকে নিশানা করতে পারেন বলে মনে করছিলেন অনেকেই। কিন্তু, আধ ঘণ্টার বেশি বক্তব্যে নানা ইস্যুতে তৃণমূলকে আক্রমণ করলেও সিঙ্গুর থেকে টাটাদের চলে যাওয়া নিয়ে একটা শব্দও মোদী বললেন না। শিল্প নিয়ে অবশ্য বলেছেন। তাঁর বক্তব্য, বিজেপি সরকার বাংলায় সিন্ডিকেট ট্যাক্স ও মাফিয়ারাজ সম্পূর্ণভাবে নির্মূল করবে। তাঁর কথায়, “এটি মোদির গ্যারান্টি। এবং আইনের শাসন প্রতিষ্ঠিত হলেই শিল্প ও বিনিয়োগ বাংলায় আসবে।”