Suvendu Adhikari: পুরুলিয়া থেকে ফেরার পথে শুভেন্দুর গাড়িতে হামলার অভিযোগ, উত্তেজনা চন্দ্রকোনায়, থানায় বসে বিরোধী দলনেতা – Bengali News | Suvendu Adhikari’s car allegedly attacked in Paschim Medinipur
চন্দ্রকোনা রোডে শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগImage Credit: TV9 Bangla
চন্দ্রকোনা: পুরুলিয়া থেকে কর্মসূচি করে ফেরার পথে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা রোডে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গাড়িতে হামলার অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছে চন্দ্রকোনায়। ঘটনার পরই চন্দ্রকোনা পুলিশের বিট হাউসে যান বিধানসভার বিরোধী দলনেতা। ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবি জানান। তাঁর অভিযোগ, “১২-১৫ জন তাঁর গাড়িতে হামলা চালিয়েছে। পুলিশের মদতেই এই হামলা হয়েছে।” হামলাকারীদের হাতে পেট্রল-ডিজেল ছিল বলেও শুভেন্দুর দাবি।
এদিন পুরুলিয়া থেকে বিজেপির সভা করে ফিরছিলেন শুভেন্দু। তাঁর গাড়ি চন্দ্রকোনা রোড পেরনোর সময় রাস্তার ধারে জমায়েত হয়েছিলেন বিজেপি কর্মী সমর্থকরা। তাঁদের হাতে ছিল বিজেপির পতাকা। সেইসময় রাস্তার উল্টোদিকেও বেশ কয়েকজনকে দেখা যায়। তাঁদের হাতে ছিল তৃণমূলের পতাকা। শুভেন্দুর গাড়ি রাস্তা দিয়ে যাওয়ার সময় গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। দ্রুত কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা শুভেন্দুর গাড়ির সামনে চলে আসেন।
থানায় বসে শুভেন্দু অধিকারী
ঘটনার পর কিছুটা এগিয়ে গাড়ি থামান শুভেন্দু। দলের কর্মীদের কাছে জানতে চান, কারা হামলা চালিয়েছে। বিজেপি কর্মীরা জানান, হামলাকারীরা পালিয়ে গিয়েছে। এরপরই বিধানসভার বিরোধী দলনেতা সোজা চন্দ্রকোনা পুলিশের বিট হাউসে পৌঁছে যান। হামলাকারীদের গ্রেফতারের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন। তিনি বলেন, “পুলিশের মদতেই এই হামলা হয়েছে।” আইসির রুমে বসে থাকেন তিনি। বলেন, যতক্ষণ পর্যন্ত না দোষীদের গ্রেফতার করা হবে, ততক্ষণ তিনি অবস্থান বিক্ষোভ করবেন। পশ্চিম মেদিনীপুরে তাঁর উপর হামলা হবে, এটা তিনি ভাবতেও পারছেন না বলে জানান। শুভেন্দু বলেন, “দলমত নির্বিশেষে জেলার সবাই আমাকে ভালবাসেন। চলে যাওয়ার আগে তৃণমূল এইসব করছে।” ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।