Adani Defence: ১ লক্ষ ৮০ হাজার কোটির বিনিয়োগ, শক্তিশালী হবে ভারতের সীমান্ত? – Bengali News | Adani Defence: With an investment of 180,000 crore rupees, will India’s borders become stronger?
বিদেশি অস্ত্রের বদলে এবার ভারতীয় ড্রোন। ২০২৫ সালে ভারতের প্রতিরক্ষা খাতে এক বিরাট পরিবর্তন। আর তার পিছনে রয়েছে ‘অপারেশন সিঁদুর’। পহেলগাঁও জঙ্গি হানার পালটা জবাবে ভারতীয় সেনাবাহিনী যখন প্রত্যাঘাত করল, তখন সেনার জন্য বিশেষ অস্ত্র তৈরি করে আদানি ডিফেন্স। যা প্রমাণ করে, দেশের প্রয়োজনে দ্রুত অস্ত্র তৈরি করে ফেলতে পারে তারা।
বড় বিনিয়োগ, বড় লক্ষ্য
আগামী এক বছরে প্রতিরক্ষা খাতে ১ লক্ষ ৮০ হাজার কোটি টাকা ঢালতে চলেছে আদানি গ্রুপ। লক্ষ্য একটাই, বিদেশের মুখাপেক্ষী হয়ে না থেকে দেশি প্রযুক্তিতেই সেনাকে স্বয়ং সম্পূর্ণ করা। আসলে এই বিশাল টাকা খরচ হবে মূলত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্মার্ট মিসাইল এবং চালকহীন ড্রোন তৈরিতে।
কেন এই বিনিয়োগ আপনার জন্য গুরুত্বপূর্ণ?
আদানি ডিফেন্স অ্যান্ড এরোস্পেস এই মুহূর্তে দেশের সবচেয়ে বড় বেসরকারি প্রতিরক্ষা সংস্থায় পরিণত হয়েছে। এই সংস্থা এখন ড্রোন, জলের নীচে ব্যবহার করার বিভিন্ন অস্ত্র, কাউন্টার অ্যাটাক ড্রোন, গাইডেড মিসাইল, গোলাবারুদ, বন্দুক-সহ একাধিক ক্ষেত্রে কাজ করে এই সংস্থা। এ ছাড়াও এয়ারবর্ন ওয়ার্নিং অ্যান্ড কন্ট্রোল সিস্টেম বা AWACS নিয়েও এখন কাজ শুরু করেছে আদানি ডিফেন্স।
আদানি ডিফেন্সের তৈরি ‘দৃষ্টি ১০’ ড্রোন ইতিমধ্যেই ভারতীয় সেনা ও ভারতীয় নৌবাহিনীর হাতে পৌঁছে গিয়েছে। ৩৬ ঘণ্টা টানা আকাশে ওড়ার ক্ষমতা রাখে এই নতুন ড্রোন। বিশেষজ্ঞরা বলছেন, ড্রোন প্রযুক্তিতে আদানি এখন দেশের বৃহত্তম বেসরকারি সংস্থা।
আগামীর চ্যালেঞ্জ শুধুমাত্র ড্রোন নয়, AWACS-এর মতো অত্যাধুনিক নজরদারি বিমানেও এখন আদানির প্রবেশ ঘটেছে। ভারতের প্রতিরক্ষা বাজার এখন আর শুধু সরকারি সংস্থার হাতে সীমাবদ্ধ নেই। বেসরকারি এই বিপুল বিনিয়োগ কি ভারতকে প্রতিরক্ষা আমদানিকারক দেশ থেকে রপ্তানিকারক দেশে পরিণত করবে? সেদিকেই তাকিয়ে ভারতের প্রতিউরক্ষা মহল।