Chandranath Sinha: বছরের শুরুটা ভাল কাটল না চন্দ্রনাথের, মন্ত্রীর ৪ কোটির সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি – Bengali News | ED seizes assets worth Rs 4 crore of Minister Chandranath Sinha
কলকাতা: বছর শুরু ভাল কাটলো না কারামন্ত্রী চন্দ্রনাথ সিনহার। নিয়োগ দুর্নীতি মামলায় মন্ত্রীর প্রায় ৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। নিজের নামে, স্ত্রীর নামে ও দুই ছেলের নামে থাকা ১০টি সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। সম্পত্তি বাজেয়াপ্ত করার বিষয়ে আদালতে জানিয়েছে ইডি। বাজার, ফ্ল্যাট, জমি মিলিয়ে 3 কোটি ৬০ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত। রেজিট্রেশনের সময় যে দামে কেনা হয়েছিল সেই মূল্য ধরেই বাজেয়াপ্ত। বর্তমান বাজারদর দ্বিগুণ। চন্দ্রনাথ প্রমাণ করতে ব্যর্থ হলে পরবর্তীতে এই সম্পত্তি নিলাম করতে পারবে ইডি।
উল্লেখ্য, প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি চার্জশিটে উল্লেখ করেছে, প্রাথমিকে চাকরি বেঁচে চন্দ্রনাথের পকেটে ১২.৭২ কোটি টাকা গিয়েছে। মন্ত্রী ইডিকে ‘অবৈধ’ আয়ের হিসেব দিতে পারেননি বলে অভিযোগ।
ইডি চার্জশিটে আরও উল্লেখ করেছে, চন্দ্রনাথ ১৫৯ জন প্রার্থীর তালিকা দিয়েছিলেন। প্রত্যেকের থেকে গড়ে ৮ লক্ষ টাকা নেওয়া হয়েছিল বলে সাক্ষীদের বয়ানের উপর ভিত্তি করে মনে করছে ইডি। সেই মোতাবেক ১৫৯*৮ অর্থাৎ ১২.৭২ কোটির হিসাব দিচ্ছে ইডি। কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা জমির হিসেব কষে এই টাকার হিসেব চার্জশিটে দেখাতে পারেনি ইডি। হেফাজতে না নিলে মন্ত্রীর থেকে বাকি টাকার হিসাব মিলবে না বলে দাবি।
গত অগাস্টেই প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহের বিরুদ্ধে দেওয়া চার্জশিটে অনুমোদন দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপর থেকেই তাঁর বিরুদ্ধে তদন্তে তৎপর ইডি। ইডি সূত্রে খবর, রাজ্যের প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে বলাগড়ের বহিষ্কৃত তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষের সূত্র ধরে চন্দ্রনাথের নাম উঠে আসে। তাঁর অ্যাকাউন্টে বিপুল পরিমাণ টাকার হদিশ মেলে।