SIR in Bengal: কাগজ এবার দেখাতেই হবে ‘হুলিগানইজম’ অনির্বাণকে, SIR-এ কী হল অভিনেতার? – Bengali News | Actor Anirban Bhattacharya asked to appear for hearing in SIR process in Medinipur
অনির্বাণ ভট্টাচার্যImage Credit: Social Media
মেদিনীপুর: ‘কাগজ। কাগজ আমরা দেখাব। দেখাবই দেখাব। কারণ কাগজ আমাদের আছে।’ সম্প্রতি এমন গান গেয়ে রীতিমতো ভাইরাল হয়ে যান অভিনেতা তথা গায়ক অনির্বাণ ভট্টাচার্য। তবে গানের লাইনগুলোই যেন এবার বাস্তব অনির্বাণ ভট্টাচার্যের জীবনে। ওই গানেই তিনি বলেছিলেন, ‘ভাই এসআইআর কী বলছে?’ সহশিল্পী বলেছিলেন, ‘ঝাড়াই বাছাই চলছে।’ আর সেই ঝাড়াই বাছাই পর্বেই ডাক পেলেন মেদিনীপুরের ছেলে অনির্বাণ। এসআইআর-র শুনানিতে ডাকা হয়েছে তাঁকে। কারণ, এনুমারেশন ফর্ম ফিলাপের ক্ষেত্রে ২০০২-র কোনও লিঙ্ক উল্লেখ করতে পারেননি অনির্বাণ। ফলে তাঁকেও ডাকা হয়েছে শুনানিতে।
১৯৮৬ সালের ৭ অক্টোবর মেদিনীপুরের শরৎপল্লির বাড়িতে জন্ম অনির্বাণের। এখন মা-বোনকে নিয়ে থাকেন কলকাতার গড়িয়ায়। কিন্তু এখনও তাঁর নাম থেকে গিয়েছে মেদিনীপুর শহরের ভোটার তালিকায়। মেদিনীপুর পৌরসভার ২৩ নম্বর ওয়ার্ডের ২৯৯ নম্বর বুথের ভোটার তিনি। এনুমারেশন ফর্ম ফিলাপ করেছেন। কিন্তু, ২০০২ সালের লিঙ্ক না থাকায় তাঁকে শুনানিতে ডাকা হয়েছে।
অভিনেতাকে শুনানিতে ডাকা নিয়ে মেদিনীপুর সদরের মহকুমাশাসক তথা ইআরও মধুমিতা মুখোপাধ্যায় জানিয়েছেন, যাঁদের ২০০২ সালের ভোটার তালিকায় কোনও লিঙ্ক পাওয়া যায়নি, তাঁদের প্রত্যেককেই ডাকা হচ্ছে শুনানিতে।
অভিনেতাকে শুনানিতে ডাকা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। তৃণমূল নেতা বুদ্ধদেব মণ্ডল বলেন, “উনি একজন গায়ক, অভিনেতা বলে আপনারা জানতে পেরেছেন। এরকম অনেক বৈধ ভোটারের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে বিজেপি। রাজ্যে এরকম অনেক অনির্বাণ ভট্টাচার্য রয়েছেন, যাঁদের শুনানিতে ডাকা হবে। কিন্তু, চূড়ান্ত তালিকায় নাম থাকবে না। আমরা এসআইআর-র বিরুদ্ধে নই। কিন্তু, বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না।”
যদিও তৃণমূলের এমন কথায় গুরুত্ব দিতে নারাজ বিজেপি। অনির্বাণকে হিয়ারিংয়ে ডাকা নিয়ে বিজেপি নেতা শঙ্কর গুছাইত বলেন, “এসআইআর একটি পদ্ধতি। এখানে যেকোনও মানুষকে হিয়ারিংয়ের জন্য ডাকা হতে পারে। তিনি গায়ক কিংবা যেকোনও পেশার মানুষ হতে পারেন। ঠিকমতো লিঙ্ক না থাকলে ডাকা হতে পারে। আমাকেও ডাকতে পারে। এখানে ভয় পাওয়ার কোনও কারণ নেই। প্রয়োজনীয় কাগজ দেখালেই হবে। আমাদের কাজ কমিশনকে সহায়তা করা।”