CM Mamata Banerjee: বৈঠক হল শেষ, কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী? – Bengali News | CM Mamata Banerjee doing a meeting in Kalighat after draftroll publish
মমতা বন্দ্যোপাধ্যায়, মুখ্যমন্ত্রীImage Credit: Tv9 Bangla
কলকাতা: ভবানীপুরের আট কাউন্সিলর এবং বিএলএ-টু (BLA 2)-দের সঙ্গে বৈঠক সারলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। কলকাতার ভবানীপুরে প্রায় পঁয়তাল্লিশ হাজারের মতো নাম বাদ গিয়েছে। কোনও বৈধ নাম বাদ গেলে হিয়ারিং-এ তাঁর পাশে দাঁড়ানোর বার্তা মমতার। বৈধ ভোটারের নাম তালিকায় তুলতে সাহায্য করতে হবে। সংশ্লিষ্ট বৈঠকে ছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম ও সুব্রত বক্সী।
প্রসঙ্গত, এখানে উল্লেখ্য আজ খসড়া তালিকা প্রকাশিত হয়েছিল। প্রায় ৫৮ লক্ষ ভোটারের নাম বাদ গিয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কেন্দ্র ভবানীপুরে বাদ পড়া নামের সংখ্যা ৪৪ হাজার ৭৭০। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের বুথ মিত্র ইন্সটিউশন বুথে বাদ পড়েছে ১২৭ জনের নাম। এটি ২৬০ নম্বর বুথ। তালিকায় দেখা যাচ্ছে, ১২৭ জনের মধ্যে ১৩ জন মৃত। বেশিরভাগ ভোটারকেই হয় খুঁজে পাওয়া যায়নি, অথবা স্থায়ীভাবে স্থানান্তরিত হয়েছেন। এর পরপরই বৈঠক ডাকেন মমতা। সেখান থেকেই তিনি স্পষ্ট নির্দেশ দেন যাঁদের নাম বাদ গিয়েছে তাঁদের পাশে দাঁড়ানোর।
এ দিকে, খসড়া তালিকা প্রকাশ হতেই তৃণমূলকে একহাত নিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি আবার জানিয়েছেন, SIR-এর পর তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট ব্যবধান রইল না। ১৪ই ফেব্রুয়ারি চূড়ান্ত তালিকায় আরও নাম বাদ যাবে বলেও মন্তব্য করেছেন তিনি। শুভেন্দু বলেন, “বিজেপি বিধায়ক বলেন, “২০২৪ এর লোকসভা ভোটে তৃণমূলের সঙ্গে বিজেপির ভোট ব্যবধান ছিল ২১ লক্ষ। আমরা পেয়েছিলাম ২ কোটি ৩৩ লক্ষ ২৭ হাজার। আর ওরা ২ কোটি ৭৫ লক্ষের আশপাশে। অর্থাৎ ৪১ লক্ষের মতো ভোটারের গ্যাপ ছিল। সরাসরি লড়াইয়ে যেহেতু সিপিএম ভোট কাটার কাজটা করে, কংগ্রেস আরও ছোট পার্টি। ওরাও ভোট কাটার কাজ করে। মূলত, তৃণমূল ভার্সেস-বিজেপির যে লড়াই বাংলায় হচ্ছে তাতে আমাদের সঙ্গে ওদের তফাৎ ২১ লক্ষ। ৫৮ লক্ষ ভোট বাদ দেওয়ার মধ্যে থেকে প্রমাণ হয়েছে বিজেপির সঙ্গে ওদের কোনও তফাৎ এই মুহূর্তে নেই।”