Mass Shooting: সিডনির বিচে নৃশংস হামলা, এলোপাথাড়ি গুলিতে মৃত কমপক্ষে ১০ – Bengali News | Several people shot dead after two gunmen opened fire at Sydney’s Bondi Beach
আহত একজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে Image Credit: PTI
সিডনি: অস্ট্রেলিয়ার সিডনির বন্ডি বিচে ইহুদিদের উৎসব চলাকালীন নৃশংস হামলা। দুই বন্দুকধারীর এলোপাথাড়ি গুলিতে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত ৫০ রাউন্ড গুলি চলেছে। পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ে এক বন্দুকবাজের মৃত্যু হয়েছে। অন্য বন্দুকবাজের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ-সহ ১১ জন আহত হয়েছেন।
বন্ডি বিচে হামলার ঘটনার নিন্দা করেছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। বন্ডির ঘটনাকে ‘মর্মান্তিক ও বেদনাদায়ক’ বলে উল্লেখ করেন তিনি। এক বিবৃতিতে তিনি বলেন, “পুলিশ ও জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরা মানুষের প্রাণ বাঁচাতে ঘটনাস্থলে ঝাঁপিয়ে পড়েছেন।” হামলায় আহত ও নিহতদের পরিবারকে সমবেদনা জানান তিনি। নিউ সাউথ ওয়েলস পুলিশের সঙ্গে তাঁরা কাজ করছেন জানিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, “আমি আশপাশের সবাইকে NSW পুলিশের তথ্য অনুসরণের জন্য অনুরোধ করছি।”
বন্ডি বিচে আটদিন ব্যাপী ইহুদি উৎসব হানুক্কা শুরু হয়েছে এদিন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ইহুদি এই উৎসবে সূচনা উপলক্ষে শয়ে শয়ে মানুষ সমুদ্র সৈকতে জড়ো হয়েছিলেন। তখনই কালো পোশাক পরা দুই বন্দুকধারী এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে। মুহূর্তে উৎসবের আনন্দ বদলে যায় আতঙ্কে। ভয়ে এদিক ওদিক দৌড়তে থাকেন সবাই। হামলার একটি ভিডিয়োও সামনে এসেছে।
এদিন ভারতীয় সময় দুপুর ২টা ১৭ মিনিটে (অস্ট্রেলিয়ায় সন্ধে ৭টা ৪৭ মিনিট) নিউ সাউথ ওয়েলস পুলিশ এক্স হ্যান্ডলে হামলার ঘটনার কথা জানায়। সেখানে বলা হয়, ২ জন বন্দুকবাজ বন্ডি বিচে এলোপাথাড়ি গুলি চালায়। পাল্টা জবাব দেয় পুলিশ। নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, মৃত ১০ জনের মধ্যে হামলাকারী এক বন্দুকবাজ রয়েছে। কেন এই হামলা, তা খতিয়ে দেখছে পুলিশ। এই হামলার সঙ্গে জঙ্গি যোগ রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।