PM Narendra Modi: কর্পোরেট চাকরি ছেড়ে কৃষিকাজে ঝুঁকছে তরুণ প্রজন্ম, কী বলছেন প্রধানমন্ত্রী মোদী? – Bengali News | PM Narendra Modi: Young generation leaving corporate jobs for farming, what is Prime Minister Modi saying?
চাকরি ছেড়ে চাষ, দেখে এলেন প্রধানমন্ত্রী!Image Credit: https://www.linkedin.com/in/narendramodi/
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাঁর লিঙ্কডইন পোস্টে একটি বিরাট বদল বা পরিবর্তনের কথা তুলে ধরলেন। তিনি লিখছেন, চলতি বছরের ১৯ নভেম্বর তিনি গিয়েছিলেন তামিলনাড়ুর কোয়েম্বাটোরে। সেখানে অনুষ্ঠিত হয় সাউথ ইন্ডিয়া ন্যাচারাল ফার্মিং সামিট ২০২৫ থেকে এই নতুন দিগন্তের সূচনা।
কোয়েম্বাটোর, যা ভারতের MSME মেরুদণ্ড হিসেবে পরিচিত, সেখানে অনুষ্ঠিত হয়েছিল এই সাউথ ইন্ডিয়া ন্যাচারাল ফার্মিং সামিট ২০২৫। এই অনুষ্ঠানের পিছনে রয়েছেন একটা নতুন কৃষক কমিউনিটি। নতুন এই কৃষক কমিউনিটি একাধিক নতুন কৌশল প্রয়োগ করছেন চাষে, একে বলা হচ্ছে অর্গানিক ফার্মিং। এর ফলে পূরণ হচ্ছে খাদ্যের চাহিদা ও বাড়ছে উৎপাদনও।
অর্গানিক ফার্মিংয়ের মন্ত্র কী?
অর্গানিক ফার্মিং মূলত ভারতের ঐতিহ্যবাহী জ্ঞান ও আধুনিক বাস্তুতন্ত্রের নীতির উপর নির্ভরশীল। এখানে রাসায়নিক সার বা কীটনাশকের ব্যবহার হয় না। বরং, ক্ষেতের ফসল, গাছপালা ও পশুসম্পদ সহাবস্থান করে জৈব বৈচিত্র্য বজায় রাখে। মাটির স্বাস্থ্য বাড়াতে খামারের অবশিষ্টাংশ পুনর্ব্যবহার করা এবং মাটিকে আরও উর্বর করা, আগাছা দমন করা ও মাটির আদ্রতা সংরক্ষণ করার উপর জোর দেওয়া হয়।
মোদী জানিয়েছেন, এই সামিট তাঁর স্মৃতিতে চিরকাল থাকবে। কারণ, এটি ভারতের কৃষকদের আত্মবিশ্বাস এবং কল্পনার একটি নতুন দিক নির্দেশ করে। এই দৃষ্টিভঙ্গি কেবল কৃষকদের মধ্যেই সীমাবদ্ধ নয়।
কারা ফিরছেন নিজের শিকড়ে?
আশ্চর্যজনকভাবে, বিভিন্ন পটভূমির মানুষ অর্গানিক ফার্মিংয়ে ঝুঁকছেন। বিজ্ঞানী, কৃষক সংগঠনের নেতা, ফার্স্ট জেনারেশন গ্র্যাজুয়েট ও কর্পোরেটের দারুণ স্যালারির চাকরি ছেড়ে আসা মানুষও রয়েছেন এর মধ্যে।
এই কর্পোরেট কর্মীদের নিজের শিকড়ে ফিরে আসা প্রমাণ করে যে, কৃষি এখন আর কেবল গ্রামীণ ভারতের সঙ্গে জড়িয়ে থাকা কোনও পেশা নয়। এটি দিনে দিনে আগামীর পেশা হয়ে উঠছে।
গতানুগতিক পেশা নয়। এটি একটি টেকসই ও সম্মানজনক ভবিষ্যৎ। আগামী দিনে দেশজুড়ে এই অর্গানিক ফার্মিং আরও বৃদ্ধি পাবে বলেই আশা করা হচ্ছে।