Suvendu Adhikari: পুলিশের পরীক্ষাতেও বড় দুর্নীতি! কীভাবে হচ্ছে, OMR দেখিয়ে ফাঁস করলেন শুভেন্দু – Bengali News | Suvendu adhikari Big corruption in police exams too! Shuvendu exposes how it happens, showing OMR
OMR দেখিয়ে সাংবাদিক বৈঠক শুভেন্দু অধিকারীরImage Credit: TV9 Bangla
কলকাতা: রবিবারই পুলিশের পরীক্ষা হয়েছে, এসএসসি-র ধাঁচে তাতেও ব্যাপক দুর্নীতি হয়েছে বলে দাবি করলেন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার সাংবাদিক বৈঠক করে সেই আশঙ্কাই প্রকাশ করেন। শুভেন্দুর দাবি, পরীক্ষার পর চাকরিপ্রার্থীদের দেওয়া হয়নি OMR-এর কার্বন কপি। এমনকি সিরিয়াল নম্বরও তাতে ছিল না বলে অভিযোগ করেন শুভেন্দু। সাংবাদিক বৈঠকে পরীক্ষা কেন্দ্রের নাম মুখে একটি OMR-ও দেখান তিনি।
শুভেন্দু বলেন, “OMR শিটের কার্বন কপিতে সিরিয়াল নম্বর ছিল না। OMR শিটের কার্বন কপি প্রার্থীদের দেওয়া হয়নি। কার্বন কপি দিল না বোর্ড যে কোনও ধরনের দুর্নীতি করতে পারবে। সিরিয়াল নম্বর নেই মানে, যে কোনও সময়ে কার্বন কপি চেঞ্জ করে দেবে।” তাঁর প্রশ্ন, “কার্বন কপি বোর্ডের কাছে থাকবে কেন?” তিনি বলেন, “টাকার ভিত্তিতে যাঁদের নেওয়া হবে, তাঁদের OMR চেঞ্জ করে দেবে।” তিনি রেল বোর্ডকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই কারণে কেন ওড়িশা পরীক্ষা করাচ্ছে, তাতে বাংলার ছেলেমেয়েরাও চাকরি পাচ্ছে।
শুভেন্দু বলেন, “জাতীয় স্তরের সমস্ত পরীক্ষায়, পাবলিক সার্ভিস কমিশন থেকে শুরু করে রেলের পরীক্ষায়, সবেতেই OMR-এর কার্বন কপি দেওয়া হয়, সিরিয়াল মেনটেইন করা হয়। কার্বন কপির একটা কপি পরীক্ষার্থীদের হাতে থাকে।” কীভাবে দুর্নীতি হবে, তারও আভাস দিয়ে রাখেন শুভেন্দু।
শুভেন্দুর দাবি, এসএসসি-র মতোই খাতা বদলাবে। তাঁর কথায়, “এবার হয়তো আর সাদা রাখবে না, OMR শিটটাই বদলে দেবে। যাঁদেরকে নিতে চায়, নির্বাচন আসছে বলে যাঁদের কাছ থেকে টাকা তোলা হয়েছে, সেই লোকগুলোকে ডেকে ডেকে ফিল আপ করিয়ে দেবে। সেখানে থেকে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান গৌতম স্যান্যালের কাছে পৌঁছে যাবে।”
শিক্ষক নিয়োগের ব্যাপক দুর্নীতির অভিযোগ একাধিকবার সামনে এসেছে। অতি সম্প্রতি যে পরীক্ষা হয়েছে, তাতেও উঠেছে অভিযোগ। মামলা চলছে হাইকোর্টে। পুলিশের পরীক্ষাতেও OMR-এ কারচুপির অভিযোগ তুললেন শুভেন্দু। এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের জনস্বার্থ মামলা করারও পরামর্শ দেন তিনি। তাঁদের আইনি সাহায্যের জন্য আশ্বস্তও করেন।