৪০ বছর বয়সে দ্বিতীয়বার মা হতে চলেছেন সোনাম, নিজেই দিলেন সুখবর – Bengali News | Sonam kapoor going to be mother for second time
সম্প্রতি বলিউডের একাধিক অভিনেতা-অভিনেত্রী অভিভাবক হয়েছেন। পরিবার বেড়েছে। কিয়ারা আডবাণী-সিদ্ধার্থ মালহোত্রা, রাজকুমার-পত্রলেখা, পরিণীতি-রাঘব থেকে শুরু করে ক্যাটরিনা কইফ ভিকি কৌশল সেই তালিকায় সামিল। এরই মাঝে দ্বিতীয়বারের জন্যে সুখবর শোনালেন সোনাম কাপুর। মা হতে চলেছেন তিনি। অভিনেত্রী বৃহস্পতিবার ইনস্টাগ্রামে স্মার্ট লুকে একাধিক ছবি শেয়ার করে জানান তাঁর দ্বিতীয় সন্তান আসার খবর। ছবিগুলিতে স্পষ্ট তাঁর বেবিবাম্প। পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, “MOTHER” অর্থাৎ মা। যদিও কমেন্ট বিভাগ থাকল ফাঁকাই, এল না কোনও শুভেচ্ছাবার্তা, কারণ তিনি সেই বিভাগটি বন্ধ করে রেখেছেন।
বর্তমানে তাঁর বয়স ৪০। এক সময় বলিউডে দাপিয়ে রাজত্ব করলেও বর্তমানে তিনি ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত। বলিপাড়ার সেই ফ্যাশনিস্তা আরও একবার পরিবার পরিকল্পনা করে ফেললেন। এর আগে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। ২০১৮ সালে আনন্দ আহুজাকে পাঞ্জাবি মতে বিয়ে করেন তিনি। বিয়ের চার বছর পর ২০২২ সালে তিনি প্রথম সন্তানের জন্ম দেন। নাম রেখেছিলেন বায়ু। এবার তাঁর পরিবারে আসতে চলেছে আরও এক সদস্য। বায়ুর জন্মের তিন বছরের মাথায় আবারও মা হওয়ার সিদ্ধান্ত নিলেন তিনি। তবে কোনও বিশেষ পোস্ট নয়, খুব সাধারণ ভাবেই ছোট্ট এক মন্তব্য বুঝিয়ে দিলেন সবটা।
বর্তমানে এই দম্পতি মূলত আমেরিকাতে থাকেন, মাঝে মাঝে দিল্লি ও মুম্বইতে এসে পরিবারের সঙ্গে সময় কাটান। ২০০৭ সালে সঞ্জয় লীলা ভন্সালীর ‘সাওয়ারিয়া’ ছবির মাধ্যমে বলিউডে পা রেখেছেলিনে সোনাম। এরপর ‘দিল্লি ৬’, ‘আইশা’, ‘রাঞ্ঝনা’, ‘খূবসুরত’ ও ‘ভীরে দি ওয়েডিং’-এর মতো বহু জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন সোনম।