Purba Medinipur: দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন ২ মহিলা, ধরা পড়তেই পাওয়া গেল কয়েক কোটি টাকার হীরে, সোনার গয়না - Bengali News | 2 women arrested for theft in Purba Medinipur, jewellery worth Rs crores recovered - 24 Ghanta Bangla News
Home

Purba Medinipur: দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন ২ মহিলা, ধরা পড়তেই পাওয়া গেল কয়েক কোটি টাকার হীরে, সোনার গয়না – Bengali News | 2 women arrested for theft in Purba Medinipur, jewellery worth Rs crores recovered

Spread the love

এগরা: দুই গৃহবধূ। পরনে সাদামাটা পোশাক। উত্তর প্রদেশে পরিচারিকার কাজ করেন। বাড়ি এসেছেন। বাড়ি ফিরে দিব্যি ছিলেন। কারও কোনও সন্দেহ হয়নি। কিন্তু, পুলিশ ওই দুই গৃহবধূকে গ্রেফতার করতেই চমকে গেলেন প্রতিবেশীরা। তখনও অবাক হওয়ার আরও বাকি ছিল। ওই দুই গৃহবধূর কাছ থেকে কয়েক কোটি টাকার হীরা, সোনার গয়না উদ্ধার হল। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের এগরার। ধৃত দুই গৃহবধূর নাম মামণি যাদব ও মণি যাদব।

ওই দুই গৃহবধূর বাড়ি এগরায় ষড়রংয়ে। গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার রাতে উত্তর প্রদেশ পুলিশ ও এগরা থানার পুলিশ তাঁদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, উত্তর প্রদেশে পরিচারিকার কাজ করতেন মামণি ও মণি। অভিযোগ,  কিছুদিন আগেই উত্তর প্রদেশের নয়ডা এলাকার একটি বাড়ি থেকে কয়েক কোটি টাকার হীরা, সোনা-সহ বহুমূল্য জুয়েলারি চুরি করে বাড়ি ফিরে আসেন। তারপর বহাল তবিয়তে অবাধে এলাকায় ঘোরাফেরা করছিলেন তাঁরা।

উত্তর প্রদেশের নয়ডা থানার পুলিশ ওই চুরির কিনারা করতে তদন্তে নামে। তখনই উঠে আসে মামণি ও মণির নাম। গোপন সূত্রে খবর পেয়ে এগরা থানার আইসি অরুণ কুমার খাঁ-র নেতৃত্বে বিশেষ তদন্তকারী অফিসার এএসআই সুমন ভট্টাচার্য ও পিএসআই সৌরভ ঘড়াই সহ এগরা থানার পুলিশ ও উত্তর প্রদেশের নয়ডা থানার পুলিশ ষড়রংয়ে যায়। মঙ্গলবার রাতে দু’জনকে গ্রেফতার করে।

শুধু ২ জনকে গ্রেফতার করা-ই নয়, উদ্ধার করা হয়েছে চুরি যাওয়া হীরা, সোনার গয়না। পুলিশ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গয়নার মূল্য কয়েক কোটি টাকা। ধৃত দুই গৃহবধূকে এদিন কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের ট্রানজিট রিমান্ডে নিয়ে উত্তর প্রদেশ রওনা দিয়েছে নয়ডা থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *