SIR: দিকে দিকে BLO-দের বিক্ষোভের মাঝেই ফের বাংলায় জ্ঞানেশ ভারতী – Bengali News | Sir Gyanesh Bharti returns to Bengal amid BLO protests
জাতীয় নির্বাচন কমিশনের টিম Image Credit: TV9 Bangla
কলকাতা: এসআইআর প্রক্রিয়ার মাঝেই গোটা বিষয়টি খতিয়ে দেখতে রাজ্যে আসছে কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রতিনিধি দল। মঙ্গলবারই রাজ্যে আসছে কমিশনের চার সদস্যের দল। দলে রয়েছেন ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, প্রিন্সিপ্যাল সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি। DEO, ERO-দের সঙ্গে বৈঠক করবেন তাঁরা। এর আগে উত্তরবঙ্গের কাজ খতিয়ে দেখে এসেছেন তাঁরা। এখন কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, আলিপুর ও কৃষ্ণনগর- এই চারটে জায়গার কাজ খতিয়ে দেখবেন আধিকারিকরা। আগামিকাল অর্থাৎ বুধবার মুর্শিদাবাদ যাওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।
রাজ্যে জোর কদমে চলছে এসআইআর-এর কাজ। কিন্তু এরই মধ্যে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনাও ঘটছে। কারণ একাধিক জায়গায় দেখা গিয়েছে বিএলও-দের একাংশ বিক্ষোভ দেখাচ্ছেন। কোথাও কোথাও অতিরিক্ত কাজের চাপের অভিযোগ উঠছে। বিএলও-দের মূলত অভিযোগ, আগে কেবল ফর্ম বিলি করা ও জমা নেওয়ার কথা বলা হয়েছিল। এখন ধীরে ধীরে হোয়াটসঅ্যাপে আরও মেসেজ আসছে। ফর্ম ডিজিটাইজেশন করারও নির্দেশ দেওয়া হয়েছে।
বিএলও-দের দাবি, ফর্ম ডিজিটাইজেশন করতে অনেক সময় লাগছে। একএকটা ফর্ম ডিজিটাইজেশন করতে প্রায় ঘণ্টা খানেকেরও বেশি সময় লেগে যাচ্ছে অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে এত ফর্ম আর তাতে সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই নিয়ে প্রশিক্ষণ কেন্দ্রে বিক্ষোভ দেখাচ্ছেন বিএলও-রা। গত কয়েকদিনে রাজ্যের একাধিক জায়গায় এরকম বিক্ষোভের ছবি ধরা পড়েছে। বিএলও-দের একাংশ ক্ষোভে ফেটে পড়তেই শুরু হয়েছে রাজনৈতিক শোরগোল। কেবল শাসক নয়, SIR প্রক্রিয়া সঠিক প্ল্যানিংয়ের অভাবের অভিযোগ তুলেছে বামেরাও। সিপিএম নেতা সুজন চক্রবর্তী বলেন, “বিএলও-দের ওপর কার্যত নির্যাতন করা হচ্ছে। ট্রেনিংও হল না ঠিক করে। নির্বাচন কমিশন নিজেই সঠিকভাবে প্রস্তুত নয়। তারমধ্যে প্রায় রোজ নতুন নতুন সার্কুলার আসছে।” এবারে জাতীয় প্রতিনিধি দলের সামনে এই অভিযোগ তুলে ধরা হয় কিনা, সেটাই দেখার।