জুবিনের জন্মদিনে অদেখা ছবি পোস্ট গরিমার, কী লিখলেন গায়কের স্ত্রী? – Bengali News | Zubeen gargs wife garima saikia posts emotional note on late icons 53rd birthday
বেঁচে থাকলে তাঁর আজ (১৮ নভেম্বর) বয়স হত ৫৩। কিন্তু নিয়তির খেলা দেখুন, খুবই অল্প বয়সেই চলে যেতে হল তাঁকে। কে ভেবেছিল, সিঙ্গাপুরে গান গাইতে দিয়ে আর এদেশে ফিরে আসা হবে না! অনুরাগীদের কাঁদিয়ে এভাবে চলে যাবেন জুবিন, তা যেন এখনও মানতে পারছে না তাঁর অনুরাগীরা। মানতে পারছেন না তাঁর স্ত্রী গরিমাও। আর সেই কারণেই সোশাল মিডিয়ায় জুবিনের জন্মদিনে আবেগঘন পোস্ট করলেন গরিমা। লিখলেন, জন্ম-জন্মাতরের কথা।
গরিমা শুধুই জুবিনের স্ত্রী ছিলেন না। ছিলেন সবচেয়ে ভাল বন্ধু এবং ছায়াসঙ্গী। জুবিনের জীবনের নানা ওঠা-পাড়ার সাক্ষী ছিলেন গরিমা। তাই তো স্বামীকে হারিয়ে যেন দিশেহারা তিনি। গরিমা তাঁর ইনস্টাগ্রামে জুবিনের সঙ্গে কয়েকটি ছবি পোস্ট করেছেন। যাঁর ক্যাপশনে তিনি লিখলেন, এই জন্ম এবং আগামী সব জন্ম, আমি তোমার জীবন কাহিনি লিখে যাব। ভাল থেকো জুবিন।
জুবিন এক সাক্ষাৎকারে বলেছিলেন, গুয়াহাটির ‘মহাবহু ব্রহ্মপুত্র রিভার হেরিটেজ সেন্টার’ যেটি একটি মিউজিয়াম, সেখানেই শেষ জীবনটা কাটাবেন। তিনি জানিয়ে ছিলেন, এই জায়গাটা খুব সুন্দর, খুব শান্তির। বয়সকালে এখানেই থাকতে চাই, এখানেই মরতে চাই।
এই সাক্ষাৎকারে জুবিন আরও বলেছিলেন, আমি একজম আর্মি, তাই আমার মৃত্যু নিয়ে কোনও ভয় নেই। আমি চাই, মৃত্যুর পর আমাকে ব্রহ্মপুত্র নদে ভাসিয়ে দেওয়া হয় যেন। আর এটাই আমার শেষ ইচ্ছা।
তিন বছর বয়স থেকেই সঙ্গীতের প্রশিক্ষণ শুরু করেন জুবিন। মায়ের কাছেই তাঁর প্রথম গান শেখা। পরে ১৯৯২ সালে পেশাগতভাবে গান গাওয়া শুরু করেন তিনি। অহমিয়া সিনেমার পাশাপাশি বাংলা সিনেমাতেও প্রচুর গান গেয়েছেন জুবিন। সঙ্গীত পরিচালক জিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে জুটি বেঁধে ‘মন মানে না’, ‘পিয়া রে’ তাঁর জনপ্রিয় গান। বলিউডে প্রীতমের হাত ধরে ‘গ্যাংস্টার’ ছবির ‘ইয়া আলি’ গান হইচই ফেলে দিয়েছিল গোটা দেশে। বহুবার নানা কারণে বিতর্কেও জড়িয়েছেন জুবিন। নেশাগ্রস্ত হয়ে মঞ্চে গান গাওয়ার কারণে বহুবার বিপাকেও পড়েছিলেন গায়ক। দারুণ শিল্পী হয়েও অনেকেই মনে করতেন জুবিনের অনিয়ন্ত্রিত জীবনযাপন তাঁকে ঠেলে দিচ্ছিল অন্ধকারে।