একটা ঘরে বসে মিটিং করতেও সমস্যা, অগত্যা জীতু-দিতিপ্রিয়া জুটি ভাঙল? – Bengali News | Has Jeetu Kamal left the serial Chirodini tumi je aamar
‘চিরদিনই তুমি যে আমার’ ঘিরে হাজার সমস্যা। বহুদিন ধরেই শোনা যাচ্ছে, নায়ক জীতু কমল আর নায়িকা দিতিপ্রিয়া রায়ের সম্পর্কের সমীকরণ ঠিক নেই। ধারাবাহিক চলাকালীন এর আগে একবার সমস্যা তৈরি হয়েছিল। নায়ক জানিয়ে দিয়েছিলেন, ধারাবাহিক ছেড়ে দিতে তাঁর কোনও সমস্যা নেই। আবার দিতিপ্রিয়া সোশ্যাল মিডিয়াতে একটা সময়ে লিখেছিলেন যে, তাঁর কিছু সমস্যা হচ্ছে জীতু কমলের সঙ্গে কাজ করতে।
যদিও সেই সমস্যা মিটে যায়, এবং দু’ জনে আবার ধারাবাহিকের কাজ শুরু করেন। অসুস্থতার জন্য দিতিপ্রিয়াকে অল্প সময় বিরতি নিতে হয়েছিল কিছুদিন আগে। আবার সম্প্রতি জীতু কমল অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তখন শুটিং করতে পারেননি। ধারাবাহিকের গল্প কিছুটা বদল করে, এপিসোড তৈরি করা হচ্ছিল। তাতেও চূড়ান্ত সমর্থন করছিলেন অনুরাগীরা।
তবে এবার ছন্দপতন। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে শুটিংয়ে ফেরার পর জীতু-দিতিপ্রিয়ার মধ্যে নতুন করে জটিলতা তৈরি হয়। দু’ জনেই নাকি জানিয়ে দেন, তাঁরা একে-অপরের সঙ্গে কাজ করতে আর রাজি নন। সোমবার প্রযোজনা সংস্থার অফিসে মিটিং হয়। চ্যানেল-প্রযোজনা সংস্থা মিটিং করে সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। দিতিপ্রিয়া রায় তাঁর মায়ের সঙ্গে উপস্থিত ছিলেন। জীতু কমলও পৌঁছে যান। তবে এক ঘরে বসে মিটিং করতেও সমস্যা রয়েছে, এমনটা নায়ক নাকি জানান প্রযোজনা সংস্থাকে। ক্রমশ আর্য-অপর্ণা রূপে জীতু-দিতিপ্রিয়াকে দেখার আশা ক্ষীণ হয়ে যায়। সিদ্ধান্ত হয়, জীতু থাকবেন না ধারাবাহিকে, দিতিপ্রিয়া থাকবেন।
মঙ্গলবার সকালে নতুন আর্য খোঁজার কাজ শুরু করে দিয়েছে প্রযোজনা সংস্থা। এই গল্পে আর কোনও টুইস্ট আসবে কিনা, সেটা অবশ্য দেখতে হবে। কারণ জীতু থাকছেন না ধারাবাহিকে, সে কথা চ্যানেলের তরফে ঘোষণা হয়নি। প্রযোজনা সংস্থার তরফে ঘোষণা হয়নি। এদিকে বেশ কিছু অনুরাগীর বক্তব্য, এই জুটি ভেঙে গেলে, ধারাবাহিক দেখা মুশকিল হয়ে যাবে। তাই কত দিন চলে ধারাবাহিকটা, সে দিকেও নজর রাখতে হবে।