'জ্যোতিষী বলেছে, ২০৪৪-এর আগে আমার বিয়ে হবে না', বলছেন সাহেব - Bengali News | Did Sushmita De propose love to Shaheb Bhattacharyya on his birthday - 24 Ghanta Bangla News
Home

‘জ্যোতিষী বলেছে, ২০৪৪-এর আগে আমার বিয়ে হবে না’, বলছেন সাহেব – Bengali News | Did Sushmita De propose love to Shaheb Bhattacharyya on his birthday

Spread the love

টলিপাড়ার এই নায়ক সকলের নয়নের মণি। সাহেব ভট্টাচার্য বাংলা ছবি থেকে থিয়েটারে বহুবার মেলে ধরেছেন নিজেকে। তিনি সঞ্চালনার কাজটাও বেশ ভালো পারেন। তার উপর গত দু’ বছরে ছোটপর্দা শাসন করে তাক লাগিয়ে দিয়েছেন। ‘কথা’ ধারাবাহিক করার পর থেকে সাহেব-সুস্মিতা (দে) জুটিকে খুব ভালোবেসে ফেলেছেন অনুরাগীরা। টিআরপি-তে যেমন সেরা ছিল এই ধারাবাহিক, তেমনই সাহেব-সুস্মিতার জুটি এতটাই পছন্দ অনুরাগীদের যে, এই শীতেই সাহেব-সুস্মিতাকে বিয়ের পিঁড়িতে বসিয়ে দিতে পারলে তাঁদের মন ভরে!

সামনে সাহেব-সুস্মিতার বিয়েতে নেমন্তন্ন খাওয়ার কোনও সুযোগ আছে কী? প্রশ্ন শুনে হেসে সাহেব বললেন, ”আমাদের জুটিটা সত্যি পছন্দ অনুরাগীদের। তাই জন্য অনেক সময়ে ভুল খবর লিখে দেওয়া হয়। তারপর আমাদের জানাতে হয়, সেটা ঠিক নয়। এখন কাজ ছাড়া আর কিছু নিয়ে ভাবছি না। জ্যোতিষী বলেছে, ২০৪৪ সালের আগে আমার বিয়ে হবে না!”

১৭ নভেম্বর ছিল সাহেবের জন্মদিন। সেদিনের একটা ভিডিয়ো ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সুস্মিতা সাহেবকে শুভেচ্ছা জানাচ্ছেন। সুস্মিতা কি প্রেমের প্রস্তাব দিলেন সাহেবকে? ”আমার বাড়িতে ‘কথা’-র টিমের প্রিয় মানুষরা এসেছিলেন। খুব ইনটিমেট একটা পার্টি ছিল। সুস্মিতা আমাকে জন্মদিনের শুভেচ্ছাই জানিয়েছে”, বললেন সাহেব।

‘কথা’ ধারাবাহিক শেষ হওয়ার পর এখনও কোনও নতুন কাজের খবর দেননি সাহেব। কবে তাঁকে নতুন ধারাবাহিকে দেখা যাবে? সাহেব বললেন, ”দু’ বছর ধরে একই অস্ত্র ব্যবহার হয়েছে। এখন একটু বিরতি। সেই অস্ত্রেই শান দেওয়ার কাজ চলছে। থিয়েটার করার কথা ভাবছি। আমি গান শিখতে শুরু করেছি। নিজেকে আরও প্রস্তুত করছি, যাতে নতুন রূপে দর্শকদের কাছে ফিরে আসতে পারি। থিয়েটারে যদি কখনও নিজের গলায় গান গাইতে পারি, ভালো লাগবে।”

হঠাত্‍ গান শেখার কথা ভাবলেন কেন? সাহেবের উত্তর, ”আজকাল অভিনেতা-অভিনেত্রীরা অনেক স্টেজ শো করেন। আমি নিয়মিত স্টেজ শো করছি। সেখানে গান গাইতে হয়। যেহেতু গান করতে হচ্ছে, মনে হয়েছে, গান শেখা জরুরি। যখন একটা স্টেজ শো করার জন্য আমি পারিশ্রমিক নিচ্ছি, তখন তার জন্য প্রস্তুতি নেওয়া দরকার। সোশ্যাল মিডিয়ায় খারাপ গান গাওয়ার জন্য ট্রোলিংয়ের মুখে পড়ার চেয়ে, গান শেখার চেষ্টা করা ভালো।”

‘কথা’ ধারাবাহিকের শুটিং ফ্লোরে সাহেব-সুস্মিতার সহকর্মী হিসাবে যে বন্ডিং, সেটা কি এই ধারাবাহিকের জনপ্রিয়তাকে এগিয়ে দিয়েছিল? সাহেব খোলসা করলেন, ”সব সময়ে যে সহকর্মীর সঙ্গে বন্ধুত্ব হবে তেমনটা নয়। সেখানেও ভালোভাবে কাজ করতে হবে। তবে এই ধারাবাহিকের ক্ষেত্রে সুস্মিতা আর আমার যে এনার্জি লেভেল, ভাইব সেটা মিলে গিয়েছিল। যে কারণে একটা জুটি তৈরি হয়েছে। অনুরাগীরা আমাদের একসঙ্গে দেখতে খুবই পছন্দ করেন। তবে এই মুদ্রার উল্টো পিঠটা দেখতে হবে। আমি শুধুই সুস্মিতার সঙ্গে কাজ করব এমন নয়। কিন্তু সব কাজেই দর্শকের সমান ভালোবাসা পেতে চাই। এই জন্য অনেক ভাবনা-চিন্তা করেই, সামনে কিছু নিয়ে আসব, দর্শকদের জন্য।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *