'গানের সময়ে কোথায় সামান্য শাড়ি সরে গেল, অত খেয়াল কি থাকে?', বললেন পৌষালী - Bengali News | Why does Poushali Banerjee have to use so many safety pins on her saree - 24 Ghanta Bangla News
Home

‘গানের সময়ে কোথায় সামান্য শাড়ি সরে গেল, অত খেয়াল কি থাকে?’, বললেন পৌষালী – Bengali News | Why does Poushali Banerjee have to use so many safety pins on her saree

Spread the love

শীতের শহর। পৌষালী বন্দ্যোপাধ্যায়ের শোয়ের সংখ্যা ক্রমশ বাড়ছে। তবে শুধু ভালো গান করার দিকেই নজর রাখতে হচ্ছে গায়িকাকে এমন নয়, সঙ্গে পোশাক সম্পর্কে অতিরিক্ত সচেতন হতে হচ্ছে তাঁকে। কারণ সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন ধরনের জাজমেন্টাল মন্তব্য আসছে। পৌষালী আটপৌরেভাবে শাড়ি পরেন। আগে শাড়িতে ছ’টা সেফটি পিন লাগাতেন। এখন ১৫টা সেফটি পিন লাগাতে হচ্ছে।

TV9 বাংলা বিষয়টা সম্পর্কে জানতে চাইলে পৌষালী বললেন, ”আমি আটপৌরেভাবি শাড়ি পরি। আমি গান গাইছি, অনুষ্ঠান ভালো হচ্ছে, শ্রোতাদের অনেকে নাচছেন, কমিটির মানুষরা খুশি, কিন্তু তারপরও কিছু তো একটা বলতে হবে। কিছু মানুষ আছেন, যাঁরা কিছু খুঁত বের করবেন। তাঁদের একজনের মন্তব্য, আরও রুচিশীল হতে হবে একজন শিল্পীকে। এটা শোনার পর আমি নিজের ভিডিও দেখা শুরু করলাম। আসলে অত খেয়াল থাকে না। কোথায় শাড়ি সামান্য সরে গেল, বা কোথাও ব্রায়ের স্ট্র্যাপ একবারের জন্য দেখা গেল, বা কোথায় পেটিকোট দেখা গেল। এবার এমন সব মন্তব্য আমার মা পড়েছেন। সর্বনাশের কারণ হলো এটা। মা একদিন বিরাট বকা দিলেন। এগুলো কী, জানতে চাইলেন। বললেন, ‘তুমি দেখতে পাচ্ছ না যে শাড়ির আঁচলটা সামান্য সরে গিয়েছে।’ তাই মায়ের কথা আর শ্রোতাদের কথা, এই দু’টোর জন্যই, আগে ছ’টা সেফটি পিন লাগাতাম। এখন ১৫টা সেফটি পিন লাগাই।”

পৌষালী যোগ করলেন, ”মজার কথা হলো, এমন অনেক শ্রোতা আছেন, যাঁরা শুধু ভালো গান শুনতে যান। তাঁরা কিন্তু শুধু আমার গানই শোনেন। কিন্তু কিছু মানুষের লক্ষ্য থাকে, খুঁত বের করব। ১৫টা কেন, ১৫,০০০ সেফটি পিন শাড়িতে লাগালেও, তাঁরা যে খুঁত বের করছেন, সেটা ঢাকা পড়বে না। আমার মা খুবই স্ট্রিক্ট, বাবাও তাই। মা যখন সোশ্যাল মিডিয়ায় মন্তব্যগুলো পড়েন, আমাকে বলেন, আরও বেশি সতর্ক হতে। তাই আমাকে বেশি সতর্ক হতে হচ্ছে।”

শীতকাল মানেই স্টেজ শোয়ের সময়। গায়ক-গায়িকা থেকে নায়ক-নায়িকা, অনেকেই স্টেজ শো করে চলে আসার পর সোশ্যাল মিডিয়াতে কিছু বিরূপ মন্তব্য আসছে পোশাক নিয়ে। এই পরিস্থিতি কীভাবে সামাল দেবেন তারকারা, তা নিয়ে চর্চা টলিপাড়ায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *