Hasnabad: গলার মাফলার খুলে খুনের চেষ্টার অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল নেতা – Bengali News | TMC leader accused to trying killed one isf worker in hashnabad
হাসনাবাদ: আইএসএফ (ISF) করার অপরাধে মারধর। শ্বাসরোধ করে খুনে করার চেষ্টার অভিযোগ। কাঠগড়ায় তৃণমূলের পঞ্চায়েত সদস্য ও তাঁর দলবল। অভিযোগ দায়ের হয়েছে থানায়। উত্তর ২৪ পরগনার হাসনাবাদ থানার হরিপুর এলাকার ঘটনা।
জানা গিয়েছে, হরিপুর এলাকার বাসিন্দা ISF-এর সক্রিয় কর্মী রহমত সর্দার। শনিবার রাতে স্থানীয় এক চায়ের দোকানে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় সেখানকার তৃণমূলের পঞ্চায়েত সদস্য সিরাজুল গাজি ও তাঁর দলবল হঠাৎ করে এসে রহমত সর্দারকে প্রথমে গালিগালাজ করেন বলে অভিযোগ। রহমত সর্দার প্রতিবাদ করেন। পঞ্চায়েত সিরাজুল গাজি ও তাঁর দল ঝাঁপিয়ে পড়ে।
অভিযোগ, রহমতকে টানতে-টানতে সেই চায়ের দোকানের পিছনে নিয়ে গিয়ে মারধর করেন। শুধু তাই নয়, সিরাজুল নিজের গলার মাফলার খুলে রহমতের গলায় পেঁচিয়ে খুন করার চেষ্টা করে বলে অভিযোগ।
চিৎকার চেঁচামেচিতে এলাকার মানুষ ছুটে এসে রহমতকে উদ্ধার করে। এরপর নিয়ে যাওয়া হয় টাকি হাসপাতালে। সেখানে চিকিৎসার পর চার ঘণ্টা তাঁকে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়।
এরপর রাতে হাসনাবাদ থানায় সিরাজুল-সহ মোট তিনজনের নামে অভিযোগ দায়ের করা হয়।
সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে হাসনাবাদ থানার পুলিশ। যদিও, এই ঘটনার কথা প্রক্ষান্তরে স্বীকার করে নিলেন যার বিরুদ্ধে অভিযোগ সেই সিরাজুল গাজী । তিনি বলেন, “তেমন কিছু হয়নি। চায়ের দোকানে একটা ছোট ঝামেলা হয়েছিল। জামার কলার ধরে টানা হেঁচড়া হয়েছিল। ঘটনা সেখানেই মিটে গিয়েছে।”