SIR-র দ্বিতীয় পর্বে বেরোবে খসড়া ভোটার তালিকা, লিস্টে নাম না থাকলে কী করবেন? – Bengali News | SIR: After First Part of SIR Process, Draft Voter List Will be Released, What to Do if Your Name is not in the List
কলকাতা: রাজ্য জুড়ে চলছে এসআইআর প্রক্রিয়া। শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ৭ কোটি ৪৫ লক্ষ এনুমারেশন ফর্ম বিলি করা হয়েছে রাজ্যে। এবার শুরু করা হবে ফর্ম সংগ্রহের প্রক্রিয়া। বিএলও-রাই বাড়ি বাড়ি গিয়ে ফর্ম সংগ্রহ করে নিয়ে আসবেন। এরপর সেই ফর্ম যাচাই করা হবে। মিলিয়ে দেখা হবে ভোটারদের তথ্য। যাদের তথ্য নেই বা তথ্য মিলছে না, তাদের ডাকা হবে হিয়ারিংয়ে। যাবতীয় ঝাড়াই-বাছাইয়ের পরই ভোটারদের তথ্য নিয়ে তৈরি হবে খসড়া ভোটার তালিকা। যদি খসড়া ভোটার তালিকায় আপনার নাম না থাকে, তাহলে কী করবেন?
বিহারে এসআইআর প্রক্রিয়া শেষ হওয়ার পর বাদ গিয়েছিল ৬৫ লক্ষ ভোটারের নাম। বাংলায় এসআইআরের প্রথম ধাপ অর্থাৎ এনুমারেশন ফর্ম বিলি ও সেই ফর্মের ভিত্তিতে তথ্য যাচাই প্রক্রিয়া চলবে ৪ ডিসেম্বর পর্যন্ত। ৯ ডিসেম্বর বের হবে পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকা।
যদি এনুমারেশন ফর্ম সঠিকভাবে ফিল আপ না করা হয় বা হিয়ারিংয়ে আপনার দেওয়া তথ্য় নিয়ে কমিশন সন্তুষ্ট না হয়, তাহলে এই খসড়া তালিকায় নাম থাকবে না ভোটারের। তবে এই নিয়ে চিন্তার কারণ নেই। এরপরে আপনাকে নতুন করে ভোটার তালিকায় নাম তুলতে হবে।
কীভাবে ভোটার তালিকায় নাম তুলবেন?
যদি কারোর খসড়া ভোটার তালিকায় নাম না থাকে, তাহলে সাধারণ ভোটারদের যে প্রক্রিয়ায় ভোটার লিস্টে নাম তুলতে হয়, সেভাবেই নাম তুলতে হবে। অনলাইন বা অফলাইনে এই কাজ করা যেতে পারে। বর্তমানে ভোটার তালিকা লক করা রয়েছে। এসআইআরের এই ধাপ সম্পূর্ণ হলে, ভোটার লিস্ট আনলক করে দেওয়া হবে। তখন নাম তোলা যাবে ভোটার লিস্টে। এর জন্য ফর্ম ৬ পূরণ করতে হবে। বুথ লেভেল অফিসার অর্থাৎ বিএলও-র অফিসে গিয়ে এই ফর্ম জমা দেওয়া যাবে। এছাড়া স্থানীয় পঞ্চায়েত বা পুরসভা অফিসে কিংবা এসডিও বা বিডিও অফিসে গিয়েও ভোটার রেজিস্ট্রেশন কাউন্টার থেকে ফর্ম ৬ নিয়ে, তা পূরণ করে ফিল আপ করে জমা দিতে হবে। এছাড়া অনলাইনেও ফর্ম ৬ ফিল-আপ করে তা জমা দেওয়া যাবে।
এখন নাম না তুললে কী চিরতরে বাদ পড়ে যাবে নাম?
যদি বাদ পড়া কোনও বৈধ ভোটার এসআইআর প্রক্রিয়া চলাকালীন ভোটার লিস্টে নাম না তোলেন, তাহলেও চিন্তার কারণ নেই। পরবর্তী সময়েও বৈধ নথি ও তথ্য দিয়ে ভোটার লিস্টে নাম তোলা যাবে বলে জানিয়েছে কমিশন।
যারা এই বছর প্রাপ্তবয়স্ক হচ্ছেন অর্থাৎ ১৮-এ পা দিচ্ছেন, তারাও ভোটার তালিকা আনলকের পর নাম তুলতে পারবেন।
কীভাবে অনলাইনে আবেদন করবেন?
যদি কেউ অনলাইনে ভোটার লিস্টে নাম তুলতে চান, তাহলে ন্যাশনাল ভোটার্স সার্ভিস পোর্টাল (National Voter’s Service Portal) বা ভোটার হেল্পলাইন অ্যাপের মাধ্যমে আবেদন করা যাবে। অনলাইনেই ফর্ম ৬ পূরণ করে জমা দিতে হবে।